মহাসড়কে ছিনতাই-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উত্তরবঙ্গের মহাসড়কগুলোতে পণ্যবাহী ট্রাক ছিনতাই ব্যবসায়ীদের উদ্বিগ্ন করে তুলেছে। গত দেড় বছরে শুধু চট্টগ্রামের পরিবহনমালিকদের পণ্যবাহী দেড় হাজার ট্রাক ও কাভার্ড ভ্যান ছিনতাই হয়েছে। এ সময়ে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন ৫০ জনের বেশি চালক ও তাঁদের সহকারী (হেলপার)। চট্টগ্রাম আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এ তথ্য দিয়েছে।

ঈদ সামনে রেখে এ ধরনের ছিনতাই আরও বাড়ছে। মালিক সমিতির নেতারা জানান, ডাকাতেরা ট্রাকের চালক ও সহকারীকে মারধর এবং অজ্ঞান করে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আবার কিছু ট্রাকের চালকও মালামাল ছিনতাইয়ের কাজে দুর্বৃত্তদের সাহায্য করছেন।

ছিনতাই হওয়া পণ্যের মধ্যে আছে রপ্তানির জন্য বন্দরে পাঠানো তৈরি পোশাক আর আমদানি করা বিভিন্ন শিল্প-কারখানার কাঁচামাল ও ভোগ্যপণ্য, রড ও সিমেন্ট। ব্যবসায়ীরা বলছেন, মহাসড়কে পণ্য পরিবহন নিয়ে মহা-আতঙ্কে থাকতে হচ্ছে তাঁদের। একইভাবে আতঙ্কে আছেন চালক ও তাঁদের সহকারীরাও।

ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁদের হিসাবে গত দেড় বছরে মহাসড়কে ৫০ জনের বেশি চালক ও সহকারী ছিনতাইকারীদের হাতে প্রাণ দিয়েছেন।

মালিক সমিতি জানায়, ছিনতাই হওয়া দেড় হাজারের মধ্যে হাজার খানেক ট্রাকের মালামাল ছিনতাইকারীদের কাছ থেকেই কিনে নিতে হয়েছে পণ্যের মালিকদের। এই কেনার ক্ষেত্রে পণ্যের বাজারদরের ৭০ শতাংশ টাকা ছিনতাইকারীদের দিতে হয়। এটা অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে বলে জানান তাঁরা।

রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম স্টিলের ব্যবস্থাপক (বাণিজ্য উন্নয়ন) মো. ফিরোজ বলেন, গত মাসে চারটি ও চলতি মাসে একটি রডবাহী ট্রাক ছিনতাই হয়েছে। এর মধ্যে তিনটি ট্রাক ছিনতাইকারীরা নিয়ে গেছে। এর দুটি উদ্ধার করেছে পুলিশ এবং একটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া দুটি ট্রাকে একেএস ও জিপিএইচ ইস্পাত কোম্পানির রড ছিল। আর বাকি তিনটি বিএসআরএমের রড বহন করছিল। ছিনতাইয়ের ঘটনাস্থলগুলো হলো কুমিল্লা, সীতাকুণ্ড, রাজধানীর হাইকোর্ট এলাকা ও সাভারের হেমায়েতপুর।

জানতে চাইলে পুলিশের হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, সম্প্রতি মহাসড়কে চুরি-ডাকাতি বাড়ার বিষয়টি তাঁদেরও নজরে এসেছে। তাই হাইওয়ে পুলিশের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা পুলিশ সুপারদের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁদের যানবাহন ও লোকবল কম। হাইওয়ে থানার মামলা নেওয়া ও তদন্তেরও ক্ষমতা নেই। তারা শুধু টহল ও জেলা পুলিশকে সাহায্য করতে পারে।

মহাসড়কে ট্রাক ছিনতাই বন্ধসহ ১১ দফা দাবিতে গত এপ্রিলে চট্টগ্রামের ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিকেরা ধর্মঘট ডাকেন। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। গত বছরের মে মাসে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহনে ডাকাতি বন্ধে ১৬ দফা দাবি দিয়েছিলেন আন্তজেলা ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিকেরা। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে দাবি করেন তাঁরা।

চট্টগ্রাম আন্তজেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, গত দেড় বছরে মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাঁদের সমিতি পরিচালিত দেড় হাজার পণ্যবাহী কাভার্ড ভ্যান ও ট্রাক ছিনতাই হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য মহাসড়কেও কিছু ট্রাক ছিনতাইকারীদের কবলে পড়েছে। তিনি বলেন, ট্রাকের সন্ধান না মিললেই কেবল তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানান।

টাকা নিয়ে পণ্য ফেরত: চট্টগ্রামের বন্দর থানার পুলিশ গত সোমবার কদমতলী এলাকার ডায়মন্ড আবাসিক হোটেল থেকে কাভার্ড ভ্যান ও পণ্যবাহী ট্রাক ছিনতাইকারী দলের আট সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, এই হোটেলে বসেই ছিনতাইকারীরা পণ্যের মালিকের সঙ্গে দর-কষাকষি করে টাকা আদায় করছিল। মোট পণ্যমূল্যের ৬০ থেকে ৭০ শতাংশ টাকা দিলে গাড়ি ছেড়ে দেওয়া হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ২১ নভেম্বর আমদানি করা মাল্টাবাহী কাভার্ড ভ্যান ছিনতাইকারী মোহাম্মদ বাবুল নামের এক চালককে গ্রেপ্তার করতে তাঁরা ডায়মন্ড হোটেলে অভিযান চালান। সেখানেই বাবুলসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। বাবুলের সহযোগী সাতজনই গাড়ির বদলি চালক এবং তাঁরা গন্তব্যে পৌঁছানোর কথা বলে পণ্যসহ মালামাল নিয়ে উধাও হয়ে যান। ওসি বলেন, বেশির ভাগ ছিনতাই হওয়া গাড়ির পণ্য ফেরতের জন্য দর-কষাকষি হয় চট্টগ্রামের কদমতলীকেন্দ্রিক কয়েকটি আবাসিক হোটেলে বসে।

সোমবার চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে উধাও হয়ে যায় গাজীপুরের ডটকম সোয়েটার্স লিমিটেডের ১৭০ কার্টন সোয়েটারভর্তি একটি কাভার্ড ভ্যান। মঙ্গলবার ভোরে সোনারগাঁ থানার পুলিশ সেই কাভার্ড ভ্যান আটক করে।

ডটকম সোয়েটার্সের চেয়ারম্যান সৈয়দ ফায়জুল আহসান বলেন, চালকের সহায়তায় আশুলিয়ার জিরাব এলাকায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কার্টন সোয়েটার নামিয়ে নিয়ে জুট কাপড় ভরে দেওয়া হয়েছে। চক্রটি পরে ট্রান্সপোর্ট কোম্পানির মালিককে ফোন করে দুই লাখ টাকাও চেয়েছে। কিন্তু গণমাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ায় দুর্বৃত্তরা পুরোপুরি গা ঢাকা দিয়েছে। ট্রাকটি মিললেও মেলেনি মালামাল।

উত্তরবঙ্গের মহাসড়কেও ছিনতাই: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আবদুল লতিফ বলেন, উত্তরবঙ্গের মহাসড়কে প্রায়ই পণ্যবাহী ট্রাক ছিনতাই হচ্ছে। ফেডারেশনের পক্ষ থেকে ছিনতাই বন্ধের জন্য ব্যবস্থা নিতে বলা হলেও কোনো কাজ হচ্ছে না।

হাইওয়ে পশ্চিমাঞ্চলের পুলিশ সুপার ইসরাইল হাওলাদার বগুড়া-নাটোর সড়কে ট্রাক ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন।

গত জুন মাসে শুধু প্রথম আলোতেই উত্তরবঙ্গের মহাসড়কে একাধিক চালক ও সহকারী খুন হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। এর মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক থেকে ৪ জুন দুজনের লাশ উদ্ধার করা হয়। তাঁদের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। ব্যস্ত মহাসড়কে লাশ দুটির ওপর দিয়ে অনেক গাড়ি চলে যাওয়ায় থেঁতলে যায় সেগুলো।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, তাঁরা কুড়িগ্রামের ট্রাকচালক ও সহকারী বলে পরে পরিচয় মিলেছে। তাঁদের হত্যা করে গাড়িটি ছিনিয়ে নেওয়া হয়।

১৪ জুন রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ওমরপুরে একটি মুরগির খাবারবোঝাই ট্রাক ছিনতাইয়ে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা ট্রাকচালক শাহীন মিয়াকে ছুরিকাঘাত করে। পরে শাহীন মিয়া মারা যান। ট্রাকটি মানিকগঞ্জ থেকে রংপুরের শঠিবাড়ী যাচ্ছিল।

জয়পুরহাটের কালাইয়ের মুন্সী ট্রেডার্সের মালিক আবদুল আজিজ হিলি স্থলবন্দর থেকে ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পাঠান। আজিজ বলেন, গত এক বছরে তাঁর চালবোঝাই দুটি ও ভুট্টাবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়। পরে দুটি ট্রাক গাজীপুরে এবং একটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর নিচ থেকে খালি পাওয়া যায়।

গত ২০ জুন সাভার থেকে ছিনতাই হওয়া ২০ টন রডভর্তি একটি ট্রাকের চালক ও সহকারীকে হত্যা করে কর্ণপাড়া খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই ছিনতাইকারী দলের সাতজনকে গ্রেপ্তারের পর খাল থেকে চালক ও সহকারীর লাশ উদ্ধার করে।

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, ঘন ঘন ট্রাক, কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা বেশ উদ্বেগজনক। বিষয়টি বিভিন্ন সময়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের একাধিক মন্ত্রীকে জানানো হয়েছে। কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তিনি হাইওয়ে পুলিশের লোকবল দ্বিগুণ করার অনুরোধ জানিয়েছেন।