মহাসড়কে তরকারি ও মাছবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে ফেনী-নোয়াখালী মহাসড়কের দুই পাশের ফুটপাতে কাঁচা তরকারি ও মাছের বাজার বসায় সড়কটিতে নিত্য যানজট লেগে থাকে। এতে সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহনের যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়।
সম্প্রতি সরেজমিন মহাসড়কটির চৌমুহনী চৌরাস্তা, জোড়পোল (বড় পোল), কলেজ রোডের মাথা ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সড়কের দুই পাশে বসে কাঁচা তরকারি ও মাছের প্রায় শতাধিক দোকান। এসব দোকানকে ঘিরে সারাক্ষণই ক্রেতাদের ভিড় থাকে।
অনেক ক্রেতা নিজের গাড়ি থামিয়েও ফুটপাতের ওই সব দোকানের সামনে দাঁড়িয়ে কেনাকাটা করেন। এতে সড়কে চলাচলকারী যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারে না। সড়কে যখন যানবাহনের চাপ তুলনামূলকভাবে কম থাকে, তখনো যানজট লেগে থাকে।
চৌমুহনী কলেজপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফা জানান, চৌমুহনীর নিত্য যানজটের অন্যতম কারণ হলো সড়কের দুই পাশের ফুটপাতের অবৈধ দোকান। সরকার কোটি কোটি টাকা খরচ করে ‘চৌমুহনী ফোর লেন’ সড়ক করলেও এর সুফল পথচারী ও বাসিন্দারা পাচ্ছেন না ওই অবৈধ দোকানের কারণে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, সড়কের ফুটপাতে যাঁরা দোকান নিয়ে বসেন, তাঁরা পুলিশ এবং স্থায়ী দোকানদারদের মেনেজ করেই বসেন। কারণ, অনেক ব্যবসায়ীই আছেন, যাঁরা নিজের দোকানের সামনের ফুটপাত দৈনিক ভিত্তিতে ভাড়া দেন।
তবে, সড়কের ফুটপাতে বসা অবৈধ বাজার বসার সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন।
জসিম উদ্দিন মুঠোফোনে বলেন, পৌরসভা যখনই চায় পুলিশ তখনই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে সহায়তা করে। পৌর কর্তৃপক্ষ কঠোর হলে এটি স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে।
পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল প্রথম আলোকে বলেন, চৌমুহনীর প্রধান সড়কের ফুটপাতে কাঁচা তরকারি ও মাছবাজার উচ্ছেদে পৌরসভা থেকে সপ্তাহে একবার করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সড়কে যানজট দূর করতে এ বিষয়ে কোনো আপস নেই।
সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. মোস্তফা কামাল বলেন, চৌমুহনীতে যানজটের অন্যতম কারণ হলো মহাসড়কের পাশে তরকারি ও মাছের বাজার। বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় সভায়ও আলোচনা এবং ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।