মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধের পর দুর্ঘটনা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে তিন চাকার যান ও অযান্ত্রিক বাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু বিভাগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
১ আগস্ট থেকে মহাসড়কে তিন চাকার যান ও অযান্ত্রিক বাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এই ১০ দিনে কি পরিমাণ দুর্ঘটনা কমেছে, তা কমিটির বৈঠকের কার্যপত্রে উল্লেখ নেই।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় বলেছে, যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে ২২টি মহাসড়কে সিএনজি, নছিমন, করিমন, ভটভটি,
ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সিদ্ধান্ত কার্যকর করার পর থেকে যানজট ও দুর্ঘটনা কিছুটা কমে এসেছে।
বৈঠকে ত্রুটিপূর্ণ কাজের কারণে যেসব সড়ক প্রতিবছর মেরামত করতে হয়, সংসদীয় কমিটি সেই সব কাজের ঠিকাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছে। এ ছাড়া কমিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন (নিবন্ধন) ফি কমানোর সুপারিশ করেছে। কমিটি বলেছে, ফি কমানো হলে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের মালিকেরা রেজিস্ট্রেশন করাতে আগ্রহী হবেন।
কমিটির সভাপতি একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান ও মনিরুল ইসলাম অংশ নেন।