মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুরকি এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম লেবু মিয়া। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী কাভার্ড ভ্যান ও টাঙ্গাইলগামী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে লেবু মিয়ার দোকানে ঢুকে যায়। এ সময় দোকানে থাকা লেবু মিয়াসহ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে লেবু মিয়াসহ তিনজন মারা যান।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে তিনজন মারা গেছেন। লাশ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।