মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া বাগেরহাট-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক নিহত ও আরেক আরোহী আহত হন। আজ মঙ্গলবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এই চারজন প্রাণ হারান। 

সিএনজিচালিত অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মিঠু গোলদার (৪৫)।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:

পাবনা: পাবনা থেকে আজ সকাল ১০টার দিকে সোনার বাংলা পরিবহন নামে একটি বাস ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। আহত হয় তিনজন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, নিহত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বাগেরহাট: বাগেরহাট-মাওয়া মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাধুর বটতলা এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মিঠু মারা যান ও কবির হোসেন (৫৫) আহত হন। কবির হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।