মহাসড়কে নির্বিচারে বৃক্ষনিধন
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সেতুর সংযোগ সড়ক নির্মাণের দোহাই দিয়ে নির্বিচারে বৃক্ষনিধন চলছে। গত এক মাসে সড়কের ছোট-বড় দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি সড়ক বিভাগ ও জেলা প্রশাসনকে লিখিতভাবে জানালেও বৃক্ষনিধন বন্ধ হয়নি।
বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহ্মুদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে সড়কের গাছ কাটা হচ্ছে। যেখানে প্রয়োজন নেই, সেখানেও নির্বিচারে গাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, এটি তাঁদের এখতিয়ারের বাইরে। কত টাকায় কী পরিমাণ গাছ বিক্রি হয়েছে, এর কিছুই তাঁরা জানেন না। এটা করা হয়েছে ঢাকায় সওজের নির্বাহী বৃক্ষপালনবিদ মো. কামাল উদ্দিন মোল্লার কার্যালয় থেকে।
এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও কামাল উদ্দিন মোল্লার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সুনামগঞ্জ সওজ বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ইস্টার্ন ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় ১৩টি ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের কাজ চলছে। নতুন সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য এই গাছ কাটা হচ্ছে। এক মাস আগে ঢাকায় সওজের নির্বাহী বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে এসব গাছ নিলামে বিক্রি করা হয়েছে। ১৫টি ভাগে ভাগ করে এই গাছ নিলাম দেওয়া হয়েছে।
জেলা বন বিভাগ সূত্র জানায়, বনজ দ্রব্য পরিবহন নিয়ন্ত্রণ বিধিমালা, ২০১১ অনুযায়ী মহাসড়কের কোনো বনজ দ্রব্য কর্তন ও অপসারণ করতে হলে বন বিভাগের সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাকে অবশ্যই জানাতে হবে। পরে বন বিভাগ তদন্ত করে গাছ চিহ্নিত করে নম্বর ও সিল দিয়ে দেবে। এরপর গাছ কাটা বা অপসারণ করা যাবে। কিন্তু সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ‘বৃক্ষনিধন’ শুরুর আগে বন বিভাগকে জানানো হয়নি।
২২ জুন সওজকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে বন বিভাগ। এ ছাড়া রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহ্মুদুল্লাহ্ টেলিফোনে সওজের নির্বাহী বৃক্ষপালনবিদ কামাল উদ্দিন মোল্লার সঙ্গে কথা বলে আইন অনুসরণ করে গাছ কাটতে অনুরোধ করেন। তাতেও কাজ না হলে ৩ জুলাই রাতে অবৈধভাবে বনজ দ্রব্য পরিবহনের অভিযোগে প্রায় ৭০ হাজার টাকার গাছ জব্দ করা হয়। তার পরও গাছ কাটা বন্ধ না হওয়ায় ৮ জুলাই জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে বিষয়টি জানান তিনি। জেলা প্রশাসককে দেওয়া চিঠিতে বলা হয়, মহাসড়কের উভয় পাশে গাছ কাটা অব্যাহত রয়েছে। বন বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী, যেখানে গাছ কাটার প্রয়োজন নেই, সেখানেও গাছ কাটা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জাউয়াবাজার এলাকার কৈতক সেতু থেকে চেচান এলাকা পর্যন্ত তিনটি সেতু পুনর্নির্মাণের জন্য মহাসড়কের উভয় পাশে নির্বিচারে গাছ কাটা চলছে। কৈতক সেতুর পশ্চিম পাশে প্রায় এক কিলোমিটার দূরে কয়েকটি বড় গাছ কাটা হয়েছে। কিন্তু এসব গাছের আশপাশে কোনো সেতু নেই।
চেচান গ্রামের নুরুল হক (৩৬) বলেন, ‘এখানে নির্বিচারে বৃক্ষ হত্যা চলছে। গত এক মাসে কমপক্ষে ২০০ গাছ কাটা হয়েছে।’ একই গ্রামের আবদুল মকব্বির (৫০) বলেন, ‘এরা দেইখ্যা দেইখ্যা বড় বড় গাছ কাটের। ইকানো প্রকাশ্যে গাছ লুট শুরু অইছে।’
কলেজছাত্র মাহবুব আলম বলেন, ‘আমরা বলে-কয়ে এলাকার সু্কলের সামনের কয়েকটি গাছ রক্ষা করেছি। লোকজন প্রথমে বাধা দিতে চেয়েছিল। তাদের বলা হয়েছে, বাধা দিলে মামলা হবে। পরে এ নিয়ে আর কেউ কোনো কথা বলেনি।’
রাউলি গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক আবদুল মালিক বলেন, ‘আগে গাছ কাটতে হলে বন বিভাগের লোকজন এসে প্রথমে গাছ চিহ্নিত করে নম্বর ও সিল দিয়ে যেতেন। কিন্তু এবার তো কাউকেই দেখলাম না। ইচ্ছেমতো যেখানে-সেখানে গাছ কাটা হচ্ছে। কারা, কীভাবে গাছ কাটছে, কেউ জানে না।’
চেচান সেতুর দুই পাশে গাছ কাটায় নিয়োজিত শ্রমিকদের সর্দার লিটন শেখ জানান, তিনি যেসব গাছ কাটছেন, সেগুলো কিনেছেন জনৈক আজিজ খান।
আজিজ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি দুটি গ্রুপে পাঁচ লাখ ২৩ হাজার টাকায় ৬৭টি গাছ কিনেছি। আমি যেগুলো কিনেছি, সেগুলোই শ্রমিকদের কাটতে বলেছি। অন্যরা কে কীভাবে কাটছে, আমি জানি না।’
রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহ্মুদুল্লাহ্ বলেন, ‘আমি সোমবারও জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে কথা বলেছি। কী করব বলেন? কোনোভাবেই এই বৃক্ষনিধন বন্ধ করতে পারছি না।’
সওজের বৃক্ষপালন সিলেট শাখার প্রধান কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সড়কের ৩০০ থেকে ৩৫০টি গাছ কাটা হবে। নিলামে গাছগুলো প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি হয়েছে। তিনি বলেন, ‘শুধু সেতু বা সংযোগ সড়ক নয়। জনস্বার্থে সড়কের যেখানে প্রয়োজন সেখানেই আমরা গাছ কাটতে পারি। সড়কও আমাদের, সম্পদও আমাদের। এ ক্ষেত্রে বন বিভাগের অনুমতি নেওয়ার কোনো দরকার হয় না।’