মহাসড়কে বাঁক, অপ্রশস্ত সেতু-কালভার্ট
বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কে একটি সেতু ও চারটি কালভার্ট এবং তিনটি বাঁক থাকায় যানবাহন চালকসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ বেড়েছে। স্থানীয় ব্যক্তিদের ভাষ্যমতে, গত এক বছরে এসব এলাকায় ছোট-বড় কমপক্ষে ১০০ যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে।
মহাসড়কে উপজেলার ভবানীপুর ইউনিয়নের গাড়ই এলাকায় ঘোগা সেতু এবং সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী বাজার, বেতগাড়ী, ধনকুন্ডি ও ররোয়া এলাকায় একটি করে কালভার্ট রয়েছে। অপরদিকে মহাসড়কে উপজেলার মির্জাপুরের রাজাপুর, ভবানীপুরের ঘোগা হাটখোলা ও সীমাবাড়ীর ররোয়া এলাকায় বাঁক রয়েছে।
স্থানীয় ১০ ব্যক্তি বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার অংশে যে পাঁচটি সেতু-কালভার্ট রয়েছে, সেগুলোর প্রশস্ততা মহাসড়কের পাকা অংশের চেয়ে কম। এ কারণে দূরপাল্লার যানবাহনগুলো এসব স্থানে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। পাশাপাশি মহাসড়কের তিনটি বাঁক এলাকায় এক পাশ থেকে অপর পাশে বিপরীতমুখী গাড়ি দেখা না যাওয়ায় প্রায়ই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মহাসড়ক এলাকায় নির্মিত ওই সব সেতু ও কালভার্টের ওপর দিয়ে পথচারীদের চলাচলে কোনো ব্যবস্থা নেই। কম প্রশস্ত এসব সেতু-কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়েই শিক্ষার্থী ও গ্রামের কৃষকেরা হেঁটে চলাফেরা করছেন।
এ প্রসঙ্গে উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদার বলেন, ওই সব সেতু ও কালভার্টের ওপর দিয়ে এলাকার কমপক্ষে ৩০ গ্রামের মানুষ হেঁটে স্থানীয় বাজারগুলোতে যাতায়াত করে। কিন্তু সেতু ও কালভার্টগুলোর পাশ কম হওয়ায় লোকজনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
ভবানীপুর ইউপি চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল বলেন, প্রতিবছর ঈদের আগে ও পরে যানবাহনগুলো এসব স্থানে সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ে।
হাইওয়ে পুলিশের বগুড়ার কুন্দার ফাঁড়ির সার্জেন্ট নিকুঞ্জ সরকার বলেন, এসব দুর্ঘটনাপ্রবণ স্থানে যানবাহনচালকেরা সতর্কতার সঙ্গে গাড়ি না চালানোর কারণে দুর্ঘটনার কবলে পড়ছেন। শেরপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, শেরপুরে মহাসড়কের ওপর দিয়ে প্রতি ঘণ্টায় কমপক্ষে ছয়-সাত শ যানবাহন চলাচল করে। এসব যানবাহন রংপুরসহ রাজশাহী বিভাগের বেশির ভাগ জেলার।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান বলেন, মহাসড়কে ওই সব সেতু ও কালভার্টের প্রশস্ততা ২৪ ফুট। অথচ এসব সেতু-কালভার্টের পাশেই মহাসড়কের পাকা অংশের প্রশস্ততা প্রায় ৩০ ফুট। এ কারণে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তিনি আরও বলেন, শেরপুরের মহাসড়ক এলাকা চার লেনে উন্নত করার সময় এসব সেতু ও কালভার্ট নতুনভাবে নির্মাণ করা হবে। তবে মহাসড়কের ওই বাঁক এলাকায় সড়ক প্রশস্ত করার উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে।