মহাসড়কে ময়লার ভাগাড় দীর্ঘ যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর। এতে মহাসড়ক সংকুচিত হয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও বোর্ডবাজার এলাকায় সিটি করপোরেশনের আর্বজনার স্তূপ। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় মহাসড়কের ওপর আবর্জনা ফেলছেন ময়লা-আবর্জনা সংগ্রহকারী ব্যবসায়ীরা। এই তিন স্থানে বর্তমানে স্তূপাকারে কয়েক হাজার টন আবর্জনা রয়েছে। সিটি করপোরেশনের নির্বাচনের পর থেকে এসব ময়লা রাতের আঁধারে ট্রাকে করে ফেলা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কড্ডা এলাকায়। পর্যায়ক্রমে গাজীপুর শহর ও কোনাবাড়ী এলাকার আবর্জনাও কাড্ডা এলাকাতেই ফেলা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একেকজন আবর্জনা সংগ্রহকারী ব্যবসায়ীর ৪০ থেকে ৫০টি ভ্যান রয়েছে। তাঁদের নিযুক্ত শ্রমিকেরা প্রতিদিন বাসাবাড়ি, বাজার ও কলকারখানার ময়লা-আবর্জনা সংগ্রহ করে ভ্যানে করে এনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই তিনটি স্থানে ফেলছেন। আবর্জনা সংগ্রহ বাবদ একেকটি বাসা থেকে মাসে ৩০ থেকে ৭০ টাকা করে নেন ব্যবসায়ীরা। ৮-১০ বছর ধরে এভাবে ময়লা ফেলা হচ্ছে। এই ময়লা মহাসড়কের ওপর এসে পড়ায় মহাসড়কটি ওই তিনটি স্থানে সংকুচিত হয়ে পড়েছে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। নির্বাচনের পর এই তিনটি স্থানের ময়লা ট্রাকে করে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় ফেলা হচ্ছে।

কড্ডা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেছে, গাজীপুর ও কোনাবাড়ীর দিক থেকে ট্রাক ও ভ্যানে করে অবর্জনা এনে মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। অল্প কিছু সময়ের মধ্যেই আবর্জনা চলে আসে মহাসড়কের ওপর। আবর্জনার কারণে মহাসড়ক সংকুচিত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। আর পথচারীরা নাক চেপে ধরে এলাকাটি পার হচ্ছে।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের পাশে ময়লা ফেলার কারণে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটে আটকে পড়া আজমেরী পরিবহনের একটি বাসের চালক সাইদুল ইসলাম জানান, কড্ডা এলাকায় আগে কখনো যানজট হতো না। কিন্তু ময়লার কারণে এখন নতুন করে এখানেও যানজটের সৃষ্টি হচ্ছে। এসব ময়লা দ্রুত সরানোর ব্যবস্থা না করলে ঈদের আগে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিক বলেন, মহাসড়কের ওপর ময়লা-আবর্জনা না ফেলার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে বলা হয়েছে। গাজীপুর পৌরসভার চিকিৎসক মো. নাজিম উদ্দিন বলেন, এই মুহূর্তে সিটি করপোরেশনের ময়লা ফেলার কোনো জায়গা নেই। তাই ওই স্থানে ফেলা হচ্ছে।

সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের সংরক্ষণ পরিদর্শক (কনজারভেন্সি ইন্সপেক্টর) মো. আরিফুর রহমান বলেন, ২০১২ সালের ৩০ জুলাই বোর্ডবাজারের নুরুল আলম নামের এক ব্যক্তি মহাসড়কে ময়লা-আবর্জনা ফেলার অনুমতির জন্য আবেদন করেন। কিন্তু তৎকালীন টঙ্গী পৌর কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। তার পরও নুরুল আলমসহ ওই এলাকার কয়েকজন ব্যবসায়ী ময়লা এনে মহাসড়কের ওপর ফেলছেন।

মহাসড়কের ওপর আবর্জনা ফেলার কারণ জানতে চাইলে ব্যবসায়ী মো. কাউছার বলেন, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়ার জন্য আবেদন করেও সিটি করপোরেশন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই মহাসড়কের পাশে ময়লা ফেলতে হচ্ছে।

আরিফুর রহমান জানান, সাতটি ট্রাক দিয়ে প্রতিদিন টঙ্গীর মাত্র ৬০ শতাংশ ময়লা অপসারণ করে কড্ডায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ময়লা আগে বিভিন্ন সরকারি জায়গায় ফেলা হতো।

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মেয়র এম এ মান্নান। ৬ জুলাই নির্বাচনে জয়ী হন তিনি। কিন্তু তাঁকে এখন পর্যন্ত শপথবাক্য পড়ানো হয়নি। গতকাল রাতে এম এ মান্নান বলেন, ‘শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যে বোর্ডবাজার ও ছয়দানা এলাকায় মহাসড়কের পাশের ময়লা সরানো হবে। এর আগে কোনো কিছু করা যায় কি না, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’