রংপুরের তারাগঞ্জ উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের দুই পাশে যত্রতত্র টেম্পোসহ নানা ছোট যানবাহন দাঁড় করিয়ে রাখায় দিন দিন মহাসড়কে যানজট ও দুর্ঘটনা বাড়ছে।
আইন প্রয়োগকারী সংস্থা এদিকে নজর না দেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চলতি বছর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার অধীন ১২ কিলোমিটার অংশে ছোট-বড় কমপক্ষে ৬০টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছে ১৯ জন, আহত হয়েছে তিন শতাধিক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ইকরচালী, বালাবাড়ী, বামনদীঘি, তারাগঞ্জ, চিকলী ও খিয়ারজুমঞ্চা বাজার এলাকায় মহাসড়কের ওপরই যত্রতত্র টেম্পোসহ বিভিন্ন যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ ছাড়া মহাসড়কের পাশ ঘেঁষে রয়েছে দোকানপাট। এতে মহাসড়কে দ্রুতগামী যানের চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি দিন দিন বাড়ছে যানজট ও পথচারীদের জীবনের ঝুঁকি।
ঘনিরামপুর গ্রামের নজরুল ইসলাম অভিযোগ করেন, উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা হলো তারাগঞ্জ বাসস্ট্যান্ড। কিন্তু এ বাসস্ট্যান্ডের দুই পাশে তো বটেই, উপজেলার অন্তত ছয়টি জায়গায় মহাসড়কের দুই পাশে এলোমেলোভাবে বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। এতে পথচারীরাসহ দ্রুতগামী ও দাঁড়িয়ে থাকা যান সবাইকেই পড়তে হয় ঝুঁকির মধ্যে।
চিকলীর বাজার এলাকার আমজাদ হোসেন বলেন, মহাসড়কের এসব অংশে যানজট ও পথচারীদের জীবনের ঝুঁকি বেড়েই চলেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মহাসড়কের দুই পাশের দোকান উচ্ছেদ করা হলে যানজট কিছুটা কমেছিল। এখন আবার তা প্রকট আকার ধারণ করেছে।
মহাসড়কের বাসচালক আজিজুল ইসলাম বলেন, তারাগঞ্জ এলাকার মহাসড়কের ওপর যেভাবে টেম্পোসহ বিভিন্ন ছোট যানবাহন দাঁড় করিয়ে রাখা হয় তাতে গাড়ি চালাতে খুব সমস্যা হয়। এ অংশে যানজটের জন্য গাড়ির গতি কমিয়ে দিতে হয়। নয়তো দুর্ঘটনার ভয় থাকে।
এদিকে ঘনিরামপুর গ্রামের টেম্পোর চালক ইব্রাহিম হোসেন বলেন, ‘উপজেলায় টেম্পো রাখার নির্দিষ্ট কোনো জায়গা নাই। তাই বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশেই যাত্রীর অপেক্ষায় গাড়ি দাঁড় করিয়ে রাখি। এতে আমরাও দুর্ঘটনার আশঙ্কায় থাকি। কিন্তু উপার্জনের তাগিদেই আমাদের এভাবে দাঁড়িয়ে থাকতে হয়।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, তারাগঞ্জ বাসস্ট্যান্ডসহ মহাসড়কের কোথাও কেউ যেন গাড়ি দাঁড় করিয়ে রাখতে না পারে, সে জন্য শিগগিরই সে ব্যবস্থা নেওয়া হবে।