মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং তাজুরঘাটা এলাকায় গত বুধবার রাতে একটি বেইলি সেতু ভেঙে একটি ট্রাক পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ওই সময় থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় ট্রাকটির চালক সামান্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বুধবার রাত নয়টার দিকে মানিকছড়ি থেকে ছেড়ে আসা ফটিকছড়িগামী বালুবোঝাই একটি ট্রাক ওই এলাকায় বেইলি সেতুতে ওঠার পরপরই তা ভেঙে পার্শ্ববর্তী খাদে পড়ে। এতে চালক সামান্য আহত হন। এ সময় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, সেতুটি ভেঙে পড়ায় খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলার ভূজপুর ও হেয়াঁকো হয়ে রামগড় সড়ক ধরে কমপক্ষে ২০ কিলোমিটার ঘুরে কাঁচা-পাকা রাস্তায় দু-একটি যানবাহন চলাচল করছে। মানিকছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি ও খাহড়াছড়ি এলাকার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। তাদের ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরে চট্টগ্রাম জেলা শহরে যেতে হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রবিউল হোসেন বলেন, সেতুটির ওপর দিয়ে সর্বোচ্চ ১৫ টন ওজন নিয়ে যানবাহন চলাচলের কথা। কিন্তু ৩০ থেকে ৩৫ টন ওজনের বালুবোঝাই ট্রাকটি পার হওয়ার কারণে সেতুটি ভেঙে পড়ে।
রবিউল হোসেন আরও বলেন, এই সড়কে নির্মাণাধীন আরেকটি বিকল্প সেতুর মেরামতের কাজ দ্রুত চলছে।