মহাসড়কে রাত নয়টার পর বাস চালানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত নয়টার পর মহাসড়কে দূরপাল্লার বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে জরুরি ও অনির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বৈঠক শেষে এ সিদ্ধান্তের বিষয়টি জানান পরিবহন মালিকেরা। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতালে সহিংসতা বেড়ে যাওয়ায় সরকার গত ৯ ফেব্রুয়ারি মহাসড়কে রাত নয়টার পর বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছিল।
বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান এবং পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এবং মসিউর রহমান বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, গতকাল রাত নয়টার পর দূরপাল্লার পথে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে। বাসও চলেছে। তবে যাত্রী কিছু কম। আজ শুক্রবার থেকে যাত্রী এবং বাস চলাচল দুটিই বাড়বে। মালিকদের চাহিদার বিষয়টি জানানোর পর সরকার পরিবহনের নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
একাধিক পরিবহন মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে হরতাল-অবরোধ কিছুটা শিথিল। এ জন্য পরিবহন মালিক নেতারা সরকারের একাধিক নীতিনির্ধারককে রাতে আবার বাস চালানোর বিষয়ে দাবি জানাচ্ছিলেন। একজন মালিক বলেন, সিদ্ধান্ত জানতে পেরেছেন সন্ধ্যায়। ফলে যাত্রী আশানুরূপ নেই।