মহাসড়কে রেস্তোরাঁ ব্যবসায় মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ শুরু হওয়ার পর থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশের রেস্তোরাঁগুলোর ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। মহাসড়কের সিরাজগঞ্জ অংশের ২২টি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। বন্ধ থাকলেও রেস্তোরাঁগুলো প্রতিদিন প্রায় ১০ লাখ টাকা গচ্চা দিচ্ছে।
সিরাজগঞ্জ জেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের দুই পাশে হাটিকুমরুল গোলচত্বর, সলঙ্গা, সিরাজগঞ্জ রোড, চান্দাইকোনা, পাচিলা এলাকায় ২২টি রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে ফুড ভিলেজ প্লাস, অ্যারিস্টোক্র্যাট, হানিফ, গ্রিন চিলিস, ফুড গার্ডেন, পেন্টাগন, জবা ও অভি হাইওয়ে ভিলা অভিজাত শ্রেণির। বাকি ১৪টিও ভালো ব্যবসা করে। এগুলো শুধু দূরপাল্লার ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসের চালক ও যাত্রীদের সেবার জন্য নির্মাণ করা হয়েছে। অভিজাত শ্রেণির রেস্তোরাঁগুলোতে প্রতিদিন কয়েক হাজার বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের যাত্রীরা খাবার খেয়ে থাকেন। কিন্তু ৬ জানুয়ারি থেকে অবরোধ শুরু হওয়ায় যানবাহন চলাচল না করায় এগুলো এখন বন্ধ রয়েছে। এসব রেস্তোরাঁয় প্রায় দুই হাজার কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। অনেকেই টাকার অভাবে কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারছেন না।
রেস্তোরাঁগুলোর মালিকেরা জানান, প্রতিদিন ভাড়া, বিদ্যুৎ বিলসহ নানা খাতে ১০ লাখ টাকা করে খরচ হচ্ছে। এ ছাড়া অবরোধ শুরু হওয়ার পর প্রায় ৩০ লাখ টাকার মালামাল পচে নষ্ট হয়ে গেছে।
হানিফ হোটেলের কর্মচারী আরশেদ আলম বলেন, ‘সাময়িক অসুবিধার জন্য মালিক বেতন দিতে পারছেন না। তার পরও আমরা এখানেই আছি। চালু হলে তাঁরা বেতন পরিশোধ করবেন।’
ফুড ভিলেজ প্লাসের ব্যবস্থাপক গোলাম নাসের বলেন, সাড়ে পাঁচ শ কর্মচারী রয়েছেন। তাঁদের বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল মিলিয়ে প্রতি মাসে ৩০ লাখ টাকা খরচ হয়ে থাকে। আগে প্রতিদিন ৬০০-৭০০ গাড়ির চালক, মালিক ও যাত্রীরা এখানে খেতে আসতেন। ৬ জানুয়ারি অবরোধ শুরু হওয়ার পর থেকে একটি গাড়িও আসেনি। স্বাভাবিক সময়ে প্রতিদিন চার থেকে পাঁচ লাখ টাকার কেনাবেচা হতো। এখন বন্ধ। এ পর্যন্ত পাঁচ লাখ টাকার খাদ্যসামগ্রী নষ্ট হয়ে গেছে।
হানিফ হোটেলের ব্যবসায়িক অংশীদার কামরুল ইসলাম বলেন, ‘হানিফ পরিবহনের সঙ্গে চুক্তি করে হোটেল ব্যবসা শুরু করেছিলাম। ব্যাংক থেকে ঋণ নিয়ে সবকিছু করেছি। সুদ ও অন্যান্যা খরচসহ প্রতিদিন এক লাখ টাকার ওপরে লোকসান হচ্ছে। বন্ধ থাকায় কর্মচারীদের বেতন পর্যন্ত দিতে পারছি না। এ ছাড়া তিন লাখ টাকার খাদ্যসামগ্রী পচে নষ্ট হয়ে গেছে।’
অ্যারিস্টোক্র্যাট রেস্তোরাঁর ব্যবস্থাপক খোকন মিয়া বলেন, প্রতিদিন সব মিলিয়ে ৩০ হাজার টাকা খরচ হয়। তাঁদের হোটেলে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস ও জিপের চালক ও আরোহীরা আসেন। অবরোধ শুরু হওয়ার পর কেউ আসছেন না। এ কারণে রেস্তোরাঁ বন্ধ রাখা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, মহাসড়কের পাশের রেস্তোরাঁগুলোর ব্যবসা যানবাহনের যাত্রী ও চালকদের ওপর নির্ভরশীল। গাড়ি চলাচল কমে যাওয়ায় গ্রাহকও কমে গেছেন। এ কারণে মালিকেরা রেস্তোরাঁ বন্ধ রেখেছেন।