মহাসড়কে হঠাৎ পাঁচ ঘণ্টার অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিকদের করা আকস্মিক অবরোধে দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের। সৈয়দপুরের পাঁচটি নৈশকোচ টাঙ্গাইলে আটকে দেওয়ায় সৈয়দপুরের ক্ষুব্ধ পরিবহন মালিক-শ্রমিকেরা গতকাল শুক্রবার সকাল সাতটায় সৈয়দপুর বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের মধ্যস্থতায় বেলা সোয়া ১২টায় অবরোধ প্রত্যাহার করা হয়।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, ‘সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-সৈয়দপুর মহাসড়ক মোড়ে গতকাল সকালে অবরোধ সৃষ্টি করে স্থানীয় পরিবহন মালিক-শ্রমিকেরা। এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর, রংপুরসহ বিভিন্ন এলাকার গাড়ি যাতায়াত করে। সৃষ্ট পরিস্থিতি নিয়ে আজ শনিবার টাঙ্গাইল ও নীলফামারীর পরিবহন মালিক-শ্রমিকদের সভা সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে।’
আলতাফ আরও বলেন, ‘টাঙ্গাইলের এক ব্যক্তির মাহী পরিবহন নামে একটি বাস সম্প্রতি পঞ্চগড়ের দেবীগঞ্জ পর্যন্ত চলাচল শুরু করে। রুট পারমিট না থাকলেও বাসটি নীলফামারীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করছিল। বাসটি গত বৃহস্পতিবার সৈয়দপুর থেকে ফিরিয়ে দেয় স্থানীয় পরিবহন মালিকেরা। বাসটি মহাসড়ক দিয়ে চলাচল করলে আমাদের আপত্তি নেই বলে মাহী পরিবহনের মালিককে মুঠোফোনে জানানোও হয়। কিন্তু তা না মেনে সৈয়দপুরের মালিকদের পাঁচটি বাস গত বৃহস্পতিবার টাঙ্গাইলে আটকে দেন সেখানকার পরিবহন মালিক-শ্রমিকেরা। এমনকি ওই নৈশকোচের শ্রমিকদের মারপিটও করা হয়।