মহাসড়কে হাট, যান চলাচলে ঝুঁকি

রংপুরের মিঠাপুকুরে দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের ধার ঘেঁষে ১০ থেকে ১৫ বছর ধরে সপ্তাহে দুদিন হাট বসছে। মহাসড়ক-সংলগ্ন গাড়ি দাঁড় করানোর জায়গায় মূলত বাঁশের তৈরি পণ্যের এ হাট বসে। বাকি পাঁচ দিন বসে বাজার। এতে ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও হাট ইজারাদার নিজ স্বার্থে কাজটি করে চলেছেন। প্রশাসনও নিচ্ছে না জোরালো কোনো পদক্ষেপ।
মহাসড়কের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাট সড়কের দুই পাশে গড়ে উঠেছে এ হাটবাজার। গত রোববার বিকেলে সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে চলাচলকারী বাসগুলো শঠিবাড়ী বাসস্ট্যান্ডের যে স্থানে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করানোর কথা সেখানে এখন আর বাস দাঁড়াতে পারছে না। কারণ, ওই জায়গায় এখন হাটের পণ্য স্তূপ করে রাখা। মূলত বাঁশের তৈরি পণ্যই এখানে ঢাঁই করে রাখা। ফলে মহাসড়কেই গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। ফলে হাটে আসা লোকজনের সঙ্গে দুর্ভোগ পোহাচ্ছে বাসে ওঠা-নামা করা যাত্রীরা। এ ভোগান্তির সঙ্গে সঙ্গে বাড়ছে ঝুঁকিও।
মহাসড়কের যে স্থানে গাড়ি দাঁড় করানোর কথা, সেখানে পণ্য রেখে ব্যবসা চলছে বছরের পর বছর। এখানে পণ্য রেখে ব্যবসা করা উপজেলার বালারহাট এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, আট বছর ধরে তিনি এখানে এভাবে ব্যবসা করছেন। এ জন্য হাট কমিটিকে প্রতিদিন ৩০ টাকা করে টোল দেন বলেও জানান।
এ ছাড়া উপজেলার বালুয়া মাসিমপুর এলাকার আনোয়ার হোসেন ১০ বছর, ভাংনী এলাকার খোরশেদ আলম ও বড় হযরতপুর এলাকার জহুরুল ইসলাম ১৫ বছর ধরে এভাবে ব্যবসা করে আসছেন। এখানে রাস্তার ধার ঘেঁষে ব্যবসা করতে তাঁরা কখনো কোনো অসুবিধায় পড়েননি বলে জানান হাটের ব্যবসায়ীরা। হাটের নিয়ম অনুযায়ী ইজারাদারকে প্রত্যেক ব্যবসায়ী দৈনিক ৩০ টাকা করে দেন।
উপজেলা নির্বাহী কার্যালয় ও হাটের ইজারাদার সূত্র জানায়, মহাসড়কের দুই পাশে শঠিবাড়ী হাটের আয়তন প্রায় ১৪ বর্গ একর। এখানে আনুমানিক দোকান রয়েছে দেড় হাজার। সপ্তাহের রবি ও বৃহস্পতিবার হাট বসে।
বাসচালক রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে হাট বসলে গাড়ি চালানো খুব কষ্ট হয়। গাড়ি যেখানে ভেড়ানোর কথা সেখানে ভেড়ানো যায় না। প্রধান সড়কের ওপরই গাড়ি দাঁড় করাতে হয়। মানুষজন এক পাশ থেকে অন্য পাশে দৌড়াদৌড়ি করে। বাসের গতি কমালেও ঝুঁকি থাকে।
দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ওই হাটে থাকা একটি দোকানের মালিক রবিউল ইসলাম প্রামাণিক বলেন, ‘প্রায়ই পুলিশ ও জনপ্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়। তারপর রাস্তা থেকে হাট তুলেও দেওয়া হয়। ১০ দিন যেতে না যেতে দেখা যায় আবার বসছে।’ ইজারাদার যেহেতু হাটের ওই জায়গায় বসা ব্যবসায়ীদের কাছ থেকে টোল নেন, কাজেই এর জন্য ইজারাদারেরও দায় আছে বলে তিনি মন্তব্য করেন।
হাটের ইজারাদার আবু নুর প্রধান বলেন, হাটে পর্যাপ্ত জায়গা না হওয়ায় হাটের দিন কয়েকজন ব্যবসায়ী মহাসড়কে গাড়ি দাঁড় করানোর জায়গায় বসে ব্যবসা করেন। তিনি আরও বলেন, ‘গত চৈত্রে আমি দুই কোটি টাকা দিয়ে হাট ইজারা নিয়েছি। মূল হাটের জায়গায় যে দোকানপাট আছে, তা থেকে পাওয়া টোলে আমার ইজারার টাকা উঠবে না। তাই রাস্তায় বসা কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকেও টোল নেওয়া হচ্ছে।’ তবে এতে তেমন কোনো অসুবিধা হয় না বলে ইজারাদার দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, এরা অবৈধভাবে বসছে। বিষয়টি দেখা হচ্ছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘মহাসড়কে কোনো হাটবাজার থাকবে না। আগামী হাটের দিনে এসে দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে।’