মহাসড়কের অবরোধ তুলে নিল এলাকাবাসী
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে ডাকাতের ছুরিকাঘাতে ঠিকাদার নিহত হওয়ার ঘটনায় করা ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে এলাকাবাসী। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখা হয়েছিল।
হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে—প্রশাসনের এমন আশ্বাসের ভিত্তিতে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাকশীর হার্ডিঞ্জ সেতু এলাকায় রফিকুল ইসলাম ওরফে লাবলু (৪০) ও ইশতিয়াক হোসেন (৩২) নামের দুই ব্যক্তিকে ডাকাতেরা ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লাবলুর অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভোররাত চারটার দিকে চিকিত্সাধীন অবস্থায় লাবলু মারা যান।