মহাসড়ক চার লেনে উন্নীত করতে বিদ্যালয়ের জমি অধিগ্রহণ না করার দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন হয়েছে। উপজেলার দেওহাটা এ জে উচ্চবিদ্যালয় ও দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার সকালে মহাসড়কের দেওহাটা এলাকায় এ মানববন্ধন করে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজে দেওহাটায় দুটি স্কুলের জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জে বিদ্যালয়ের একটি পাকা একতলা ভবন ও একটি দোতলা ভবন এবং দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ এই অধিগ্রহণের আওতায় পড়েছে। এর প্রতিবাদে বিদ্যালয় দুটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মহাসড়কের দেওহাটায় গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করেন।
এ জে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, মহাসড়কের দক্ষিণ পাশে পর্যাপ্ত জমি রয়েছে। উত্তর পাশ থেকে যদি নতুন করে ভূমি অধিগ্রহণ করা হয়, তবে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের অস্তিত্ব সংকটে পড়বে। প্রতিষ্ঠানটি রক্ষার জন্য তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে জানতে সড়ক ও জনপথের (সওজ) মির্জাপুরের উপবিভাগীয় প্রকৌশলী মামুনুর রশীদের মুঠোফোনে ফোন করার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।