মহাসড়কের জায়গায় হাট, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-বগুড়া মহাসড়কের সাঁথিয়ার কাশীনাথপুর ও বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়ক দখল করে হাট বসায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে।
অভিযোগ উঠেছে, হাটের জায়গা দখল করে স্থায়ী দোকানপাট গড়ে তোলায় হাট সংকুচিত হওয়াতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকার অনেকে জানান, প্রতি রবি ও বৃহস্পতিবার কাশীনাথপুরে এবং শনি ও মঙ্গলবার বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন করমজায় হাট বসে। দুটি হাটেরই অবস্থান পাবনার সাঁথিয়া উপজেলায়। হাট দুটি উত্তরাঞ্চলের অন্যতম প্রধান পাইকারি সবজি বিক্রির হাট বলে পরিচিত। এর মধ্যে করমজা হাট আবার উত্তরাঞ্চলের প্রধান পশুর হাট হিসেবেও খ্যাত।
উভয় হাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় ১৬ বিঘা আয়তনের করমজা ও ১৫ বিঘা আয়তনের কাশীনাথপুর হাটের প্রায় নয় বিঘা করে দখল হয়ে গেছে। দখল হওয়ার আগে হাটের খোলা জায়গায় সব ধরনের পণ্য বেচাকেনা হতো। এর ফলে মহাসড়কে হাটের কোনো প্রভাবই পড়ত না। কিন্তু হাটের জায়গা বেদখল হওয়ায় জায়গা না পেয়ে হাট করতে আসা লোকজন মহাসড়কে এসে পণ্য বিক্রির জন্য দাঁড়াচ্ছেন। আর এতেই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
গত রোববার কাশীনাথপুর হাটে গিয়ে দেখা যায়, হাটে মালামাল রাখার জায়গা না পেয়ে অনেকে মহাসড়কের পাশেই মালামাল নিয়ে বসছেন। কাঁচা মরিচ বিক্রি করতে আসা সাঁথিয়ার শহীদনগর গ্রামের কৃষক মোজাম্মেল হক বলেন, ‘কয়েক বছর আগে হাট ছিল ভেতরে। এখন সেহানে জায়গা না পাওয়ায় এ জায়াগায় আইস্যা বেচাকেনা করত্যাছি। খুব ভয় করে কিন্তু তার পরেও তো উপায় নাই।’
কাশীনাথপুর হাটের ইজারাদার রফিকুল ইসলাম বলেন, ‘যানজট দূর করতে হাট কমিটির পক্ষ থেকে প্রতি হাটবারে মহাসড়কে পাঁচজন করে লোক দিচ্ছি। কিন্তু নছিমন-করিমন হাটসংলগ্ন মহাসড়কের যত্রতত্র মালামাল ওঠা-নামা করায় যানজট সৃষ্টি হচ্ছে। আর ১৫ বিঘা হাটের জায়গার মধ্যে আট থেকে নয় বিঘাই বেদখল হয়ে গেছে। এর আগের হাট কমিটি অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে শুরু করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে বলে শুনেছি। কিন্তু কাজ হয়নি।’
গত মঙ্গলবার বেড়া বাসস্ট্যান্ডসংলগ্ন করমজা হাটে গিয়ে দেখা যায়, মহাসড়কের ওপরে চলছে কেনাবেচা। এ অবস্থায় হাট ও এর দুই পাশে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। আটকে আছে কয়েক শ যানবাহন। এর মধ্যে অনেকগুলো নছিমন-করিমন ও ট্রাককে মহাসড়কের ওপর দাঁড়িয়ে পণ্যসামগ্রী ওঠা-নামা করতে দেখা যায়।
পাবনা থেকে শাহাজাদপুরগামী ‘চলার সাথী’ বাসের চালক জমির উদ্দিন বলেন, ‘আধা ঘণ্টার ওপরে যানজটে আটকা ছিলাম। যে অবস্থা তাতে এক ঘণ্টায়ও এই হাট পার হইব্যার পারত্যাম না। তাই যাত্রীদের নামায়া দিয়্যা বাস আবার পাবনার উদ্দেশে ঘুরায়া নিছি।’
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বেড়া বাসস্ট্যান্ডের চেইনমাস্টার নজরুল ইসলাম বলেন, ‘এমনিতেই মহাসড়কের ওপর হাট। এর পরও নছিমন-করিমনের অত্যাচারে যানজট ভয়াবহ আকার নিছে। এ অবস্থায় ম্যালা বাসের ট্রিপ মিস হয়া যাচ্ছে।’
সাঁথিয়ার ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত গঠন করে হাট দুটিতে কয়েকবার অভিযান চালিয়েছি। কিন্তু এতে স্থায়ী সমাধান হয়নি। স্থায়ী সমাধানের জন্য হাট দুটির অবৈধ দোকানপাট উচ্ছেদ করা দরকার। শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে।’