মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা দুজন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় গতকাল সোমবার ভোররাতে দুই ব্যক্তিকে হাত-পা বেঁধে ফেলে গেছে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ছয়টার দিকে কুমিরা হাইওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় তাঁরা অজ্ঞান অবস্থায় ছিলেন।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অচেতন করার জন্য তাঁদের শরীরে চেতনানাশক ওষুধ দেওয়া হয়েছে। এদিকে উদ্ধার হওয়া দুই ব্যক্তি অপহরণ নাকি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা, তাঁদের অপহরণ করা হয়ে থাকতে পারে। তাঁদের নাম সেলিম(৪৫) ও বোরহান (৪০)। দুজনের বাড়ি মাদারীপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে কুমিরা হাইওয়ে পুলিশের টহল দল মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ওই দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তিন ঘণ্টা পর একজনের জ্ঞান ফিরলে তিনি তাঁদের নাম বলতে পারেন।
কুমিরা হাইওয়ে পুলিশর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, সেলিম ও বোরহান অপহরণের শিকার হয়ে থাকতে পারেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে হাত-পা বাঁধা থাকার কথা নয় বলে জানান তিনি। তবে অপহরণের পর মুক্তি দিয়ে নাকি অন্য কারণে ফেলে গেছে তা তিনি বলতে পারেননি।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া আক্তার প্রথম আলোকে বলেন, তাঁদের শরীরে চেতনানাশক দেওয়া হয়েছে। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে সঠিকভাবে কিছু বলা যাবে না।