মহাসড়কের পাশের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়বাজার থেকে কাছিকাটা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ওই অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর কবির।
নাটোর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০০১ সালে ৫৫ কিলোমিটার দীর্ঘ ‘বনপাড়া-হাটিকুমরুল’ মহাসড়কটি চালু হওয়ার পর থেকে এটির উভয় পাশে অবৈধ দখলের প্রতিযোগিতা শুরু হয়। একশ্রেণির মানুষ মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে মহাসড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা বাড়ছে। সর্বশেষ ২০ অক্টোবর মহাসড়কের রেজুরমোড়ে দুর্ঘটনায় ৩৬ জনের প্রাণহানি ঘটে। তাই নির্বিঘ্নে যান চলাচল ও দুর্ঘটনারোধে ‘বনপাড়া-হাটিকুমরুল’ মহাসড়কে গতকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
সওজের নির্বাহী প্রকৌশলী মো. জিকরুল ইসলাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত ২০ অক্টোবরের দুর্ঘটনার পর মহাসড়কটির অবৈধ স্থাপনা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। মহাসড়কের বনপাড়া থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১০ নম্বর সেতু (নাটোরের গুরুদাসপুর উপজেলা) পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার পর্যন্ত ৮৫ ব্যক্তির তিন শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য অভিযুক্ত ব্যক্তিদের ৪ নভেম্বর নোটিশ দেওয়া হয়। কিন্তু কেউ স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেননি। তাই বাধ্য হয়ে মহাসড়ক এলাকার গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা প্রশাসনকে অবৈধ স্থাপনার তালিকা পাঠানো হয়েছে। তাঁরাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে ভূমিকা রাখছেন।
গুরুদাসপুর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. আলমগীর কবির জানান, তাঁরা সওজের তালিকা পেয়েই গতকাল উচ্ছেদ অভিযানে নামেন। মহাসড়কের নয়বাজার, হাজীরহাট ও কাছিকাটা বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক আধা পাকা দোকান উচ্ছেদ করেন।
বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ নেওয়াজ তালিকা পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, সময়স্বল্পতার কারণে তাঁরা অভিযান শুরু করতে পারেননি। তবে দু-এক দিনের মধ্যেই অভিযান শুরু করবেন।