মহাসড়কের বিভাজক থেকে বিলবোর্ড অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের বিভাজকের ওপর থেকে স্থানীয় সরকারদলীয় সাংসদ হাবিবর রহমান ও উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলামের বিলবোর্ড ও ব্যানার (প্যানা) অপসারণ করা হয়েছে।
গত শনিবার রাতে শহরের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের শাখা কার্যালয়ের সামনে ও ধুনট রোড এলাকা থেকে বড় দুটি বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। গত ঈদুল আজহা ও শারদীয় দুর্গা উৎসবে ‘শুভেচ্ছা’ জানিয়ে এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছিল।
এ ব্যাপারে গতকাল রোববার মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ হাবিবর রহমান বলেন, বিলবোর্ড দুটি অপসারণের জন্য তিনি ‘তারেক’কে বলে দিয়েছিলেন।
বিলবোর্ড সরানোর সময় উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম বলেন, সওজ বিভাগের নির্দেশে তিনি এই বিলবোর্ড দুটি অপসারণ করে নেন। দলীয় প্রচারেই নিজ উদ্যোগে তিনি এসব নির্মাণ করেছিলেন।