মহাসড়ক-নৌপথেযাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের দুই পাশের সড়কে দীর্ঘ যানজটে গতকাল শুক্রবার যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন। পুলিশের মতে, শুক্র, শনিবারসহ কাল রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি মিলিয়ে টানা তিন দিনের জন্য বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে ঢাকার বাইরে রওনা হওয়ায় এ সমস্যা দেখা দেয়।
প্রতিনিধিদের পাঠানো খবর:
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজট হয়। সরেজমিনে গতকাল সকাল ১০টায় এবং পরে বিকেল ৫টায় মহাসড়কের মেঘনা সেতু ও কাঁচপুর সেতু এলাকায় দেখা যায়, সেতুর দুই প্রান্তে শত শত যানবাহনের চালক ইঞ্জিন বন্ধ করে বসে আছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, ভোররাতে মেঘনা সেতুর ওপর দুটি ট্রাক বিকল হওয়া এবং টানা তিন দিন ছুটি কাটাতে একসঙ্গে অনেক লোকের ঢাকা ছাড়ার কারণে যানবাহনের চাপ বেড়ে যায়।

মুন্সিগঞ্জ: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের শিমুলিয়া ঘাটে গতবৃহস্পতিবার মধ্যরাত থেকেই প্রচুর যানবাহনের চাপে দীর্ঘ যানজট শুরু হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে গজারিয়া উপজেলার ভাটেরচর পর্যন্ত প্রায় আট কিলোমিটারজুড়ে যানজট হয়। এতে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম—দুই পথের যাত্রীরাই দুর্ভোগে পড়েন।        

শিমুলিয়া ঘাটে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোশারফ বলেন, গতকাল সারা দিনই যানজট ছিল। পুলিশ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম বলেন, ‘যানবাহন পারাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। গাড়ির চাপ বেশি বলে হিমশিম খেতে হচ্ছে।’       

দাউদকান্দি(কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকা থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শাহজামান বলেন, যান চলাচল স্বাভাবিক করতে যথাসাধ্য চেষ্টা চলছে।

গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে গতকাল সকাল থেকে দীর্ঘ যানজট শুরু হয়। কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক দাউদ খান বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস সড়কের রেললাইনের ওপর নির্মিত উড়ালসড়কে একটি বড় লরি বিকল হয়ে পড়ে। পুলিশ সকাল পৌনে নয়টার দিকে গাড়িটি সরিয়ে নিতে সমর্থ হয়। ততক্ষণে মহাসড়কে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে যানজট শুরু হয়। বিকেল সাড়ে চারটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।