মহাসমাবেশ বানচালের চেষ্টা হলে কঠোর কর্মসূচি: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ১২ মার্চের শান্তিপূর্ণ মহাসমাবেশ সরকার বানচাল করার চেষ্টা করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএফইউজে, ডিইউজের একাংশ এবং জাতীয় প্রেসক্লাবের নেতাদের উদ্দেশে খালেদা জিয়া এ কথা বলেন। খবর ইউএনবির।বিএনপি সূত্র জানায়, ১২ মার্চের মহাসমাবেশ সামনে রেখে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে খালেদা জিয়া গতকাল সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহিদ, সম্পাদক বাকের হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।রাত নয়টায় শুরু হয়ে দেড় ঘণ্টা ধরে চলা এই মতবিনিময়ে খালেদা জিয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ এ হত্যাকাণ্ডের আলামত নষ্ট করেনি। তিনি প্রশ্ন তুলে বলেন, তাঁদের ল্যাপটপ ও মুঠোফোন এখনো উদ্ধার হলো না কেন? সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করায় খালেদা জিয়া সাংবাদিক সমাজকে অভিনন্দন জানান।পরে বিএনপির চেয়ারপারসন বাংলাদেশ ডিপ্লোমা পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন।