মহাসমাবেশ নিয়ে বিএনপির হাঁকডাক থাকলেও জনস্রোত বা স্বতঃস্ফূর্ত জনসমাগম ছিল না বলে মনে করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি প্রসঙ্গে জোটের নেতারা বলেন, আদালতের রায়ে অবৈধ ও অসাংবিধানিক কোনো কিছুতে ফেরার সুযোগ নেই।বিএনপির গতকালের মহাসমাবেশ ও তাদের দাবিদাওয়া নিয়ে ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তিন মাস কেন, তিন যুগেও তত্ত্বাবধায়কব্যবস্থায় ফেরার সুযোগ নেই। আদালতের রায়ে অবৈধ ও অসাংবিধানিক কোনো দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগের কাছ থেকে কিছু আদায় করা যাবে না। তিনি বলেন, সংসদে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে বিরোধী দল আলোচনায় আসতে পারে। বিএনপির মহাসমাবেশকে ব্যর্থ বলে মন্তব্য করে হানিফ বলেন, তারা আতঙ্ক সৃষ্টি করেছে। জনসমাগম করতে ব্যর্থ হয়েছে।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিরোধী দল যে হাঁকডাক দিয়েছিল, বাস্তবে কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না। জনস্রোত ছিল না। বরং গোলাম আযমের মুক্তির দাবি এসেছে জমায়েত থেকে। তিনি বলেন, বিএনপি কোটি কোটি টাকা খরচ করে জমায়েত করেছে। কোনো সন্দেহ নেই। তবে জনগণের সভা হয়নি। বিরোধী দল অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার চাইলে সংসদের ভেতরে বা বাইরে প্রস্তাব দিতে হবে। আলোচনায় বসতে হবে।জাসদের হাসানুল হক ইনু বলেন, এটা জনসভা হয়নি। বিএনপি-জামায়াতের বড় ধরনের কর্মিসভা হয়েছে। এতে জনগণের অংশগ্রহণ ছিল না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে তিন মাসের সময় দিয়ে খালেদা জিয়া সংঘাতের ইঙ্গিত দিলেন। বিকল্প কোনো প্রস্তাব দিলে আলোচনা সহজ হতো।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকার দায়িত্বশীল আচরণ করায় শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। আর রাস্তায় আন্দোলন করে বিএনপি তত্ত্বাবধায়কের দাবি আদায় করতে পারবে না।নাশকতার আশঙ্কায় রাজপথে আ.লীগ: বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সতর্ক অবস্থান নেন। বিরোধী দল বিএনপির মহাসমাবেশ কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় এ অবস্থান নেওয়া হয়।আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দিনভর কয়েক হাজার নেতা-কর্মী অবস্থান নেন। মাহবুব উল আলম হানিফ, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, মির্জা আজম, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরীসহ বেশ কিছু নেতা দিনভর দলীয় কার্যালয়ে অবস্থান করেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে সরগরম ছিল বঙ্গবন্ধু এভিনিউ ও স্টেডিয়াম এলাকা। দলীয় ওয়ার্ড কার্যালয়গুলোও খোলা ছিল।জনাব হানিফ দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সরকার যানবাহন বন্ধের কোনো নির্দেশ দেয়নি। সমাবেশ ঘিরে বিরোধী দলের নেতাদের দুই সপ্তাহ ধরে উসকানিমূলক বক্তৃতা-বিবৃতি ও হুমকি-ধমকির কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মন্ত্রী-সাংসদেরা বের হলে অক্ষত থাকবে না বলেও তারা হুমকি দিয়েছে। সে জন্যই সাধারণ মানুষ যানবাহন রাস্তায় নামাননি। তবে জনজীবন স্বাভাবিক করতে সরকার কাজ করে যাচ্ছে।রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে ছিল উল্লেখ করে হানিফ বলেন, ‘সরকারি দলের দায়িত্ব রয়েছে সরকারকে সহায়তা করা। আমরা সে দায়িত্বই পালন করছি। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা বাধা দিইনি।’গতকাল সকাল নয়টা থেকেই ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে এসে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। রাজধানীর দলীয় সাংসদদের পাশাপাশি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগের নেতা-কর্মীদের ঢল নামে আওয়ামী লীগের কার্যালয়ে।বেলা দুইটার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের পাশ দিয়ে বিএনপির মিছিল যাওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা ধাওয়া দেন। ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।