মহাসমাবেশে জামায়াত নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান
সরকারের দমন-পীড়নে ভয় পায় না জামায়াতে ইসলামী। তাই ১২ মার্চ ঢাকায় চার দলের মহাসমাবেশ কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে দলটি।গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে দলের যৌথ সভায় এ আহ্বান জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও দলের সাংসদ হামিদুর রহমান আযাদ। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এ সভায় জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ফোরাম অব ইঞ্জিনিয়ার্স, কৃষিবিদ ফোরাম, আদর্শ শিক্ষক পরিষদ ও ছাত্রশিবির অংশ নেয়। সভাপতির বক্তব্যে হামিদুর রহমান বলেন, সমাবেশ বিরোধী দলের, মাথা খারাপ হয়ে গেছে সরকারের। তিনি বলেন, ‘সরকারের দমন-পীড়নে আমরা ভয় পাই না। দেশ ও জাতির মুক্তির জন্য সিদ্ধান্ত নিয়েই রাস্তায় নেমেছি। জীবন দিয়ে হলেও ১৬ কোটি মানুষকে মুক্ত করব। আসুন, পাড়া-মহল্লায় জনগণকে সংগঠিত করে মহাসমাবেশে ঝাঁপিয়ে পড়ি।’ প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার মহাসমাবেশে জামায়াত-শিবিরের নাশকতা সৃষ্টির অভিযোগ নাকচ করে দেন।