মহাসমাবেশে বাধা এলে দায়ভার সরকারের: বিএনপি
মহাসমাবেশে কোনো বাধা এলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। সমাবেশস্থলে বিদ্যুৎ সংযোগ না দেওয়া সরকারের দুরভিসন্ধির অংশ।গতকাল শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ অভিযোগ করেন। সভায় ১৯ মে ঢাকার মহাসমাবেশ সফল করা নিয়ে আলোচনা হয়।খোন্দকার দেলোয়ার বলেন, বিএনপির এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ। কিন্তু সরকার বিদ্যুৎ সংযোগ দেওয়ার মতো একটি বিষয় নিয়েও গড়িমসি করছে।যৌথ সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। ৩০ মে জিয়াউর রহমান চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে নিহত হন। কর্মসূচির মধ্যে ২৯ মে আলোচনা সভা, ৩০ মে ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। দিবসটি পালন উপলক্ষে পোস্টার লাগানো ও কালো ব্যাজ ধারণ, সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং জিয়ার জীবনের ওপর জাতীয় প্রেসক্লাবে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শন করা হবে।