মহাসমাবেশে যোগ দেওয়ার পথে বিএনপির নেতা-কর্মীদের বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বিএনপিসহ চার দলের মহাসমাবেশে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও গাজীপুরের বিভিন্ন স্থানে পুলিশ এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর অভিযোগ করেন, মহাসমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর, মেঘনা ঘাট, মোগরাপাড়া চৌরাস্তা, টিপরদী ও উদ্ববগঞ্জ বাজারে বাস থেকে নামিয়ে বিএনপির নেতা-কর্মীদের পিটিয়ে আহত করেন এবং বাসগুলো আটকে রাখেন। এ ছাড়া অনেক স্থানে তাঁরা বিএনপির কর্মীদের বাসভাড়া করতে বাধা দেন। তাঁদের ভয়ে বাসমালিকেরা বাসভাড়া দিতে অস্বীকৃতি জানান। ফলে উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যেতে পারেননি।এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, তাঁদের দলের নেতা-কর্মীরা কাউকে বাধা দেননি।গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলন অভিযোগ করেন, জেলার টঙ্গী আনারকলি সিনেমা হল এবং চান্দনা-চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের পুলিশ বাধা দিয়েছে। এসব জায়গায় পুলিশ তল্লাশির নামে বিএনপির নেতা-কর্মীদের বহনকারী গাড়ি আটকে দিয়েছে। অভিযোগ অস্বীকার করে গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হোসেন বলেন, কাউকে বাধা দেওয়া হয়নি। বিভিন্ন স্থানে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে।