মহাসমাবেশে শুধু সমুদ্রজয়ের প্রশংসা
চট্টগ্রামে ১৪ দলের মহাসমাবেশে কমবেশি সব নেতাই সমুদ্রজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় মেতে ওঠেন। গতকাল বুধবারের এ সমাবেশে আওয়ামী লীগ ও জোটের নেতারা বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ দিয়েছেন। আর শেখ হাসিনা বাংলাদেশ আয়তনের সমান সমুদ্রসীমা এনে দিয়েছেন।শেখ হাসিনার ভাষণের আগে মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, সাংসদ ও ১৪ দলের নেতারা বক্তৃতা করেন।মহাসমাবেশে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘জাতির পিতা এক লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার আয়তনের ভূখণ্ড দিয়েছেন। তাঁর কন্যার নেতৃত্বে বিনা রক্তপাতে এক লাখ সাড়ে ১১ হাজার বর্গকিলোমিটারের আরও একটি বাংলাদেশ আমরা পেয়েছি।’ আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, ‘একাত্তরে যুদ্ধ করে আমরা বাংলাদেশ ছিনিয়ে এনেছি। বঙ্গবন্ধুকন্যা আইনি লড়াই করে আরেকটি বাংলাদেশ উপহার দিয়েছেন।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, শেখ হাসিনা দিয়েছেন বিশাল আয়তনের সমুদ্রসীমা। তিনি বলেন, ‘বিএনপি আসলে নিমকহারাম। তাই তারা এ জয়ের জন্য শেখ হাসিনাকে একটি ধন্যবাদও দিতে পারেনি।’ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মহাসমাবেশে বলেন, ‘খালেদা জিয়া চট্টগ্রামে এসে বলেছিলেন, সরকারকে লুলা-ল্যাংড়া করে দেবেন। তিনি নিজেই হাঁটতে পারেন না। আমাদের কীভাবে ল্যাংড়া-লুলা করবেন।’আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু বলেন, মওদুদ আহমদ তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনে নোয়াখালী থেকে পরাজিত হন। আর শেখ হাসিনার আমলে উত্তরবঙ্গ থেকে উপনির্বাচনে জিতে এসেছেন। এখন তিনি পুরোনো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বেশি কথা বলছেন। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ঢাকা-চট্টগ্রাম লাইনে আরও একটি নতুন রেল শিগগির যোগাযোগ শুরু হবে। এ ছাড়া ২৫০ কোটি টাকা ব্যয়ে রেলস্টেশনকে আধুনিকায়ন করা হবে। কর্ণফুলী নদীর ওপর দিয়ে আরেকটি রেলসেতু নির্মাণ করা হবে। দোহাজারী রেললাইন কক্সবাজার জেলার রামু হয়ে ঘুমদুম পর্যন্ত সমপ্রসারণের কাজও শুরু হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘খালেদা জিয়া সরকারকে ল্যাংলা-লুলা করার ঘোষণা দিয়েছেন। কিন্তু চট্টগ্রামবাসী মহাসমাবেশে দেখিয়ে দিয়েছেন তিনি নিজেই লুলা হয়ে যাবেন।’জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এই সরকার সমুদ্রজয়ের মতো তিস্তার পানি সমস্যারও সমাধান করবে। পরিবেশ ও বনমন্ত্রী মো. হাছান মাহমুদ বলেন, বিশ্বনেতারা বলছেন বাংলাদেশ এগোচ্ছে আর খালেদা বলেন দেশের অবস্থা ভালো নয়। আসলে তাঁর নিজের অবস্থাই ভালো নয়। তিনি বলেন, ‘বঙ্গোপসাগর আমাদের। এ সাগরের স্রোতে বঙ্গবন্ধুর রক্ত প্রবহমান।’ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেন, চট্টগ্রামে এই সরকার তিনটি বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলেছে। খালেদা জিয়া কোনোদিন বিদ্যুৎ উৎপাদন করেননি। ছেলেকে দিয়ে খুঁটির ব্যবসা করিয়েছেন। তিনি মোহরা থেকে পানি দিতে এসেছিলেন। চট্টগ্রামের মানুষ সে পানি পায়নি। শেখ হাসিনা চট্টগ্রামের মানুষের জন্য রাঙ্গুনিয়া থেকে পানির ব্যবস্থা করেছেন। এক বছর পর চট্টগ্রামবাসীর পানির সমস্যা থাকবে না। মহাসমাবেশে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদলও বক্তব্য দেন।