‘অযোগ্য’ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী ৩ এপ্রিল মহাসমাবেশ ডেকেছেন বিমানকর্মীরা। রাজধানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে সমাবেশ করবেন তাঁরা।গতকাল রোববার বলাকা ভবনে কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার অবস্থান ও ধর্মঘট কর্মসূচি থেকে মহাসমাবেশের ঘোষণা দেন ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক মশিকুর রহমান।মশিকুর রহমান বলেন, ‘বিমানকে ক্রমাগত লোকসান থেকে বাঁচাতে অযোগ্য ও দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিকল্প নেই। এ জন্য বিমানের সর্বস্তরের কর্মীরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন।’মশিকুর রহমান আরও বলেন, ‘আমরা ২৬ মার্চ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ৩ এপ্রিল মহাসমাবেশ ডাকা হয়েছে। দাবি আদায়ে এরপর পূর্ণাঙ্গ ধর্মঘট ডাকা ছাড়া আর কোনো পথ থাকবে না।’ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বলাকা ভবনের নিচে গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন কর্মীরা। এতে পাইলট, প্রকৌশলী, কেবিন ক্রুসহ বিমানের বিভিন্ন শাখার সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। কর্মসূচিতে বিমানের বিভিন্ন শাখার কর্মীদের সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন। দাবি আদায়ে তাঁরা দেশের সব বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকিও দেন। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিতে ৫ মার্চ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন কর্মীরা। এর মধ্যে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান গণমাধ্যমকে বলেছেন, কর্মীদের দাবিদাওয়ার বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে সমাধান করতে পরিচালনা পর্ষদকে তিনি বলেছেন। এ ব্যাপারে জানতে চাইলে মশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যে পরিচালনা পর্ষদকে বিমানকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে, তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। মন্ত্রী যদি উদ্যোগ নেন, আমরা তাঁর সঙ্গে বসতে রাজি আছি।’