মহাসমাবেশের পক্ষে-বিপক্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে গতকাল রোববার কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন। কয়েকটি সংগঠন এ নিয়ে বিবৃতি পাঠিয়েছে।আজকের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তাঁরা সারা দেশে যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও মামলার নিন্দা জানান।বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এক বিবৃতিতে বলেছে, সব ভয়ভীতি উপেক্ষা করে দেশবাসী মহাসমাবেশ সফল করবে। দলটির ঢাকা মহানগর শাখার দলীয় কার্যালয়ে গতকাল কর্মসূচির সমর্থনে সভা অনুষ্ঠিত হয়।জাতীয় শ্রমিক আন্দোলন, বাংলাদেশ জাতীয় ছাত্রলীগ ও জিয়া সমাজকল্যাণ পরিষদ পৃথক সভায় আজকের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে।‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির সমর্থনে জাতীয়তাবাদী নাগরিক মঞ্চ আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘১২ মার্চে বিরোধী দলের মহাসমাবেশ থেকে জনগণের প্রত্যাশা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।কর্মসূচি সফল করার জন্য গাবতলী বাসস্ট্যান্ডে খালেক এন্টারপ্রাইজের পরিবহন চত্বরে প্রস্তুতি সভার আয়োজন করেছেন বিএনপির সাবেক সাংসদ এস এ খালেক।অন্যদিকে, মহাসমাবেশের নামে জনদুর্ভোগ সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গতকাল ফার্মগেট থেকে শাহবাগ হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মানববন্ধন করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ এ মানববন্ধন করে।