মহাসেন-আতঙ্কে উপকূলবাসী ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
ঘূর্ণিঝড় মহাসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর ছিল উত্তাল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি কখন উপকূল অতিক্রম করতে পারে, সে সম্পর্কে আজ বুধবার নিশ্চিত হওয়া যাবে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রথম আলোর অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
চট্টগ্রাম: আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিল ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ৩৭৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
প্রশাসন সূত্র জানায়, সতর্কসংকেত ৮ হলে বল প্রয়োগ করে ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে।
সরেজমিনে গতকাল সকাল থেকে পতেঙ্গা, কাট্টলী ও হালিশহর উপকূলে মাইকিং করতে দেখা যায়। মাইকিংয়ে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়।
মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় উপকূলের প্রায় এক লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মো. ইসমাঈল জানান, উপজেলার উপকূলীয় সাতটি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের জন্য রয়েছে ৪৫টি আশ্রয়কেন্দ্র, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
খুলনা: খুলনা জেলায় ১৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের তীব্রতা বাড়লে উপকূলবাসীকে পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। এ জন্য উপকূলীয় অঞ্চলে মাইকিং করা হচ্ছে।
কক্সবাজার: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, জেলার টেকনাফ, উখিয়া, সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলায় বেড়িবাঁধ রয়েছে ৫১৯ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১২টি অংশে সাত কিলোমিটার বেড়িবাঁধ সম্পুর্ণ বিলীন হয়েছে। অর্ধেকের বেশি ভাঙা অবস্থায় পড়ে আছে আরও ২০ কিলোমিটার। সামান্য জলোচ্ছ্বাসে এসব বাঁধ বিলীন হয়ে যাবে।
বাউফল (পটুয়াখালী): বাউফলের ১১টি চরের ৩০ হাজার মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, উঁচু টিলা কিংবা বেড়িবাঁধ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এ উপজেলায় ৭৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে।
বরগুনা: পাথরঘাটা উপজেলার চরাঞ্চল এলাকার প্রায় চার লাখ মানুষ তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে। স্কুলগুলোতে শিক্ষার্থীরা আসা প্রায় বন্ধ করে দিয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস গতকাল দুপুরে জানান, চরাঞ্চলের বাসিন্দাদের তাৎক্ষণিক নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
লক্ষ্মীপুর: জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা হয়েছে। উপকূলীয় এলাকায় ৬৭টি চিকিৎসা দল গঠন করা হয়েছে।
ভোলা: ভোলার ২১ লাখ মানুষ আতঙ্কে রয়েছে। সাগর মোহনায় অবস্থিত মনপুরা উপজেলায় দেড় লক্ষাধিক মানুষের জন্য ২৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে, যার মধ্যে ১৪-১৫টি ঝুঁকিপূর্ণ। তিনটি চরাঞ্চলে কোনো আশ্রয়কেন্দ্র নেই। ঢালচর ইউনিয়নের ১৭ হাজার মানুষের জন্য পাঁচটি আশ্রয়কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ।
বরিশাল: বরিশালের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কার্যালয় জানায়, পাঁচ হাজার ৩০০ স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ বরিশালের উপপরিচালক আবুল বাসার মজুমদার প্রথম আলোকে বলেন, দক্ষিণাঞ্চলের ৭৮টি লঞ্চঘাট কর্মকর্তাকে সার্বক্ষণিক ঘাটে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।