মহাসেন-আতঙ্কে রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন সংরক্ষিত পাহাড়ে মিয়ানমারের অনুপ্রবেশকারী দেড় লাখ রোহিঙ্গা মহাসেন-আতঙ্কে দিন কাটাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া টেলিভিশন রিলে কেন্দ্রের উত্তর পাশে বিশাল সংরক্ষিত পাহাড় দখল করে বসতি করছে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা। গাছ, মাটি আর পলিথিনের ছানি দিয়ে তৈরি হয় অসংখ্য ঝুপড়ি বস্তি। পাশের অন্য কয়েকটি পাহাড়ে বসতি করছে আরও ৮০ হাজারের মতো রোহিঙ্গা। রোহিঙ্গা গৃহবধূ হাজেরা খাতুন (৪৪) বলেন, ৬ মের ঝোড়ো হাওয়ায় তাঁর ঝুপড়িঘরটি ভেঙে যায়। দুই দিন পর আরেকটি ঝুপড়িঘর তৈরি করা হলেও বৃষ্টির সময় ছেঁড়া পলিথিন দিয়ে পানি ঢুকছে।

আরেক গৃহবধূ রাজিয়া বেগম (৩৫) জানান, ‘বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মহাসেন নাকি এদিকে ধেয়ে আসছে। তখন এখানকার কোনো ঘরই রক্ষা পাবে না। তাই আতঙ্কে আছি।’ কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা বস্তি কমিটির সেক্রেটারি মাস্টার রাকিব বলেন, এ বিশাল পাহাড়ে বর্তমানে সাত হাজার ৭৭২টি ঝুপড়িঘরে বসতি করছেন প্রায় দেড় লাখ রোহিঙ্গা। ৬ মে সামান্য ঝোড়ো হাওয়ায় সাত শতাধিক ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। আর এখন ঘূর্ণিঝড় মহাসেন আঘাত করলে কোনো ঘর রক্ষা পাবে না।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া বলেন, সংরক্ষিত পাহাড়-জঙ্গল দখল করে কয়েক লাখ রোহিঙ্গা বসতি করলেও তাঁদের গ্রাম-গঞ্জে বিচরণ নিষিদ্ধ। বিচরণ করতে গিয়ে অতীতে বহু রোহিঙ্গাকে ধরে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে।