মহাসেন মোকাবিলায় সরকারের প্রস্তুতির প্রশংসা জাতিসংঘের
ঘূর্ণিঝড় মহাসেন মোকাবিলায় সরকারের প্রস্তুতির প্রশংসা করেছে জাতিসংঘ (ইউএন)। এক বিজ্ঞপ্তিতে ইউএন জানায়, আগেভাগে প্রস্তুতি নেওয়ায় উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত করে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও কক্সবাজারে পৌঁছানোর আগেই দুর্বল হয়ে পড়ে। ঝড়টি আঘাত হানার আগে ২৪ ঘণ্টার মধ্যে ১৩টি উপকূলীয় জেলা থেকে অন্তত ১০ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এতে প্রাণহানি এড়ানো সম্ভব হয়। সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, মহাসেনের আঘাতে ১৩ জন মারা যান। এ ছাড়া অন্তত ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন। জাতিসংঘের ত্রাণ সহায়তাবিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসেন ধেয়ে আসার আগেই মানুষকে রক্ষা করতে সরকার ও ত্রাণ সংস্থাগুলো তৎপর হয়ে ওঠে। এ কারণে হাজারো মানুষের জীবন রক্ষা পায়। ঘূর্ণিঝড় মোকাবিলা প্রকল্পের মাধ্যমে সরকার হাজারো কমিউনিটি স্বেচ্ছাসেবককে উপকূলীয় অঞ্চলে কাজে লাগিয়েছে। স্বেচ্ছাসেবকেরা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ঝড়ের গতিবিধি ও পূর্বাভাস পৌঁছে দেন। এ ছাড়া আগাম নগদ অর্থ সহায়তা দেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগী ত্রাণ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। প্রয়োজনে সমন্বিত উদ্যোগ নেওয়ার সব ধরনের প্রস্তুতি রাখা হয়। ইউএনের আবাসিক সমন্বয়ক প্যাসকেল ভিলেনিউব বলেন, যদিও দুর্ভাগ্যবশত কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে সরকার। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। এ কারণেই প্রাণহানির সংখ্যা কমানো সম্ভব হয়। ইউএনবি ও বিজ্ঞপ্তি।