মহাসেনে বিধ্বস্ত ঘর মেরামতে পটুয়াখালীতে ১৩ কোটি টাকা বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের ছোবলে পটুয়াখালীর আট উপজেলায় ১২ হাজার ৯৭৩টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরমালিকদের পুনর্বাসনের সহায়তা হিসেবে বিধ্বস্ত ঘর মেরামতের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে গত রোববার এক ফ্যাক্স বার্তায় বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, মহাসেনে জেলায় মোট বিধ্বস্ত ঘরের মধ্যে কলাপাড়া উপজেলায় চার হাজার ৪৫৬টি, রাঙ্গাবালীতে চার হাজার ৪২৩, গলাচিপায় দুই হাজার, সদর উপজেলায় ৮৭৩, বাউফলে ৩১১, দশমিনায় ৩৩৭, মির্জাগঞ্জে ৪৫৪, দুমকিতে ১১৯টিসহ মোট ১২ হাজার ৯৭৩টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৫৯ হাজার ৯৪০টি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শান্তি রঞ্জন বৈদ্য জানান, সম্পূর্ণ বিধ্বস্ত ঘর মেরামতের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। তাই সম্পূর্ণ বিধ্বস্ত ঘরের তালিকা যাচাই-বাছাই করে, কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিরূপণ করা হবে এবং সে অনুযায়ী ঘর মেরামতের জন্য পুনর্বাসনের সহায়তা দেওয়া হবে। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত প্রদান করা সম্ভব হবে বলে জানান তিনি।