মহাসেনে বিধ্বস্ত ভবন খোলা আকাশের নিচে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত বরগুনার আমতলী উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। এতে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। বৃহস্পতিবার উপজেলার খোন্তাকাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ঝাড়াখালী প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ নাসির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা।শিক্ষকেরা জানান, মহাসেনের আঘাতে এ তিনটি বিদ্যালয়ের টিনের তৈরি শ্রেণীকক্ষগুলো মাটির সঙ্গে মিশে গেছে। গ্রীষেঞ্চর ছুটির পর ৪ জুন থেকে বিদ্যালয়গুলোতে মাঠে পাঠদান করা হচ্ছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় প্রচণ্ড গরমের মধ্যে মাঠে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। খোন্তাকাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন বলেন, মহাসেনের আঘাতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় তাঁরা খোলা আকাশের নিচে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন বলেন, বাইরে পাঠদান করানোর কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় অর্ধেকে নেমে গেছে। ৯ জুন আলহাজ নাসির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। শিক্ষকেরা বলেন, রোদ-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে তাঁদের পরীক্ষা নিতে হবে। সূত্র জানায়, মহাসেনের আঘাতে উপজেলায় ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৫৭টি প্রতিষ্ঠানের বিকল্প ঘর থাকায় সেখানে ক্লাস নেওয়া হচ্ছে। কিন্তু ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিকল্প কোনো ব্যবস্থা নেই।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আখতার জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষতি সম্পর্কে ইতিমধ্যে মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এখন পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।