মহাসেনে বিপন্ন মানুষের ঘরে খাবার নেই, খেতে নেই ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্ত বরগুনার প্রায় সোয়া পাঁচ লাখ মানুষ কীভাবে আবার মাথা তুলে দাঁড়াবে, তা ভেবে কূল-কিনারা পাচ্ছে না। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে প্রায় সাত হাজার পরিবার রয়েছে খোলা আকাশের নিচে।

আংশিক ক্ষতি হওয়া প্রায় ৬২ হাজার পরিবারের বেশির ভাগই অর্থাভাবে ঘরবাড়ি ঠিক করতে পারেনি। তার ওপর খেতের ফসল, ঘেরের মাছ হারিয়ে এসব পরিবার এখন নিঃস্ব।

সম্প্রতি সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে এমন হতাশার কথা জানা গেছে। সরকারি হিসাবমতে, জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ লাখ ১৯ হাজার লোক।

এর মধ্যে ছয় হাজার ৮৬৫টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং আংশিক ক্ষতি হয় ৬১ হাজার ৮১২টির। প্রায় ৭৭ হাজার হেক্টর জমির রোপা আউশ, বীজতলা ও রবিশস্য ঝড় ও জলাবদ্ধতায় সম্পূর্ণ পচে গেছে। এ ছাড়া ২৯৮টি মাছের ঘের, ১৩ হাজার ৬২৭টি পুকুর ও জলাশয়ে চাষ করা মাছ ভেসে গেছে। মহাসেনে শুধু কৃষি খাতে জেলায় ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।

সদরের গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের কৃষক খোকন হাওলাদার বলেন, ‘বইন্নায় ঘরটা এক্কেবারে তছনছ অইয়্যা গ্যাছে। রিকশা চালাইয়্যা যে টাকা পাই চাইরজনের সংসারে হেইয়্যা দিয়া দুগ্গা খাওনই জোটাইতে পারি না। এহন ঘর তুলমু কী দিয়া? পোলাপান লইয়্যা খোলা আকাশের নিচে ঘুমাই, বৃষ্টির আইলে মানসের ঘরে আশ্রয় লই।’

গৌরিচন্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, মহাসেনে এই ইউনিয়নের প্রায় ৩১০টি ঘর সম্পূর্ণ এবং সাড়ে ৫০০ ঘরের আংশিক ক্ষতি হয়েছে।

এসব পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। গত শুক্রবার তালতলী উপজেলার সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গৃহহীন অসংখ্য পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

নিশানবাড়িয়া ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা সত্তরোর্ধ্ব আবদুল মালেক নদীতে পোনা মাছ ধরেন। ছেলেমেয়ে নিয়ে পাঁচজনের মাথা গোঁজার ঠাঁই ছিল মাটির দেয়ালঘেরা, টিনের ছাউনি দেওয়া একটি ঘর। ঝড়ে দেয়াল ধসে নিশ্চিহ্ন হয়ে গেছে আর ছাউনির টিনগুলো দুমড়ে-মুচড়ে দূরে পড়ে আছে। বৃদ্ধ আবদুল মালেক বলেন, ‘আপনেরা কী দ্যাখতে আইছেন। মোগো কপাল পুইড়া গ্যাছে। ঘর নাই, প্যাডে ভাত নাই। এর চাইতে মরণও ভালো।’

সোনাকাটা ইউপির চেয়ারম্যান ফরাজী মো. ইউনূস বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের প্রায় ৩৭৫টি ঘর সম্পূর্ণ এবং চার হাজার ঘর আংশিক ক্ষতি হয়েছে।

বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী বলেন, গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য নয় কোটি টাকা বরাদ্দ এসেছে। এ ছাড়া জরুরি সহায়তা হিসেবে ৭০০ মেট্রিক টন চাল ও নগদ ২৪ লাখ টাকা পাওয়া গেছে। সেসব বিতরণ করা হয়েছে।