মহাসেনে মাদ্রাসা বিধ্বস্ত, শামিয়ানা টাঙিয়ে পরীক্ষা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাকড়াবুনিয়া বালিকা আলিম মাদ্রাসার টিনের ভবন ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বিধ্বস্ত হওয়ার এক মাস পেরিয়ে গেলেও তা মেরামত করা সম্ভব হয়নি। কক্ষসংকটের কারণে এক সপ্তাহ ধরে ওই মাদ্রাসার মাঠে শামিয়ানা টাঙিয়ে দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে মাদ্রাসাটি স্থাপন করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩৫০ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক রয়েছেন। মাদ্রাসায় টিনের তৈরি দুটি অ্যাকাডেমিক ভবন ও একটি গ্রন্থাগার ভবন রয়েছে। অ্যাকাডেমিক দুটি ভবনে মোট ১২টি শ্রেণীকক্ষ ছিল। ১৬ মে মহাসেনে মাদ্রাসার ১০ কক্ষবিশিষ্ট ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, মাদ্রাসার অ্যাকাডেমিক ভবন ধসে পড়ায় মাদ্রাসা কর্তৃপক্ষকে শামিয়ানা টাঙিয়ে পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে ভবনটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।