মহাসেনে ৪০ হাজার গাছের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় মহাসেনে বন বিভাগের ৪০ হাজার গাছের ক্ষতি হয়েছে।

উপকূলের গঙ্গামতি, কাউয়ারচর, কুয়াকাটা, খাজুরা, ধুলাসার, বালিয়াতলী, লালুয়া, নিশানবাড়িয়া, চাকামইয়া, টিয়াখালী ও ধানখালীর গ্রামীণ জনপদ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুপাশে বিভিন্ন সময় এসব গাছ লাগানো হয়েছিল।

সম্প্রতি সরেজমিনে ওই সব এলাকার মধ্যে কয়েকটি ঘুরে দেখা গেছে, যে গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে তার অধিকাংশেরই গোড়ার মাটি সরে গেছে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের চাপ আর প্রবল বর্ষণে এমন অবস্থা হয়েছে। বের হয়ে গেছে অনেক গাছের শিকড়। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপরে, ঢালে, গ্রামীণ সড়কের পাশে বহু গাছ উপড়ে পড়ে আছে।

এদিকে ঘূর্ণিঝড়ের ১০ দিন পার হয়ে গেলেও গোড়া আলগা হওয়া গাছের সুরক্ষায় কোনো তদারকি চোখে পড়েনি। এমনকি বিভিন্ন স্থানের উপড়ে পড়া গাছ তোলারও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গঙ্গামতি এলাকার বাসিন্দা নুরু মিয়া বলেন, ‘বইন্যা গ্যাছে এক সপ্তাহের বেশি অইছে। বহু গাছপালা ভাইংগ্যা রইছে। অ্যাহন তামাইত বন বিভাগের কোনো লোককে এই ব্যাপারে খোঁজ নেতে দেহি নাই।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘আমাদের লোকবলের সংকট রয়েছে। যার ফলে অসুবিধায় পড়তে হয়েছে। তার পরও আমি নিজে অনেক জায়গায় গিয়ে লোকজন ঠিক করে ঝড়ের তাণ্ডবে পড়া গাছ গুছিয়ে রাখার ব্যবস্থা নিয়েছি।’

বন বিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা খোন্দকার ইয়াকুব আলী জানান, মহাসেনের তাণ্ডবে গোটা উপজেলায় অন্তত ৪০ হাজার গাছের ক্ষতি হয়েছে। এর মধ্যে তিন হাজার গাছ সম্পূর্ণ উপড়ে পড়েছে। ৩৫ হাজার গাছের গোড়া মাটি থেকে আলগা হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তত দুই হাজার গাছের ডালসহ মাঝ বরাবর ভেঙে গেছে। এসব গাছের মধ্যে গেওয়া, কেওড়া, কড়ই, আকাশমণি, রেইনট্রি, বাবলা, কাটা বাবলা, ঝাউ, ছইলাগাছই বেশি।

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আ ক ম মোস্তফা জামান এ বিষয়ে বলেন, ‘বারবার ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে বৃক্ষ সম্পদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। তবে বন বিভাগের যে পরিমাণ গাছের ক্ষতি হয়েছে, তা দ্রুত নিরূপণ করে তার চেয়ে বেশি পরিমাণ গাছ পুনরায় রোপণ করার উদ্যোগ নিতে হবে। ব্যক্তিমালিকানার অসংখ্য গাছও উপড়ে পড়েছে। নতুন করে গাছ লাগাতে ব্যর্থ হলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে। যার ফলে দুর্যোগের ঝুঁকিও বহুগুণ বাড়বে।’

বন বিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, ‘মহাসেনের তাণ্ডবে উপকূলের বিভিন্ন এলাকায় গাছের ক্ষতি নিরূপণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত গাছের হিসাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।

যেসব গাছের গোড়া আলগা হয়েছে, সেগুলোতে এখনই মাটি দিয়ে সুরক্ষা করার জন্য উপকারভোগীদের আমরা বলে দিয়েছি। একই সঙ্গে আমাদেরও তদারকি থাকবে। তা ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন করে বনায়ন করা হবে।’