মহাসেনের কারণে এক দিন আগেই গরমের ছুটি
ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার আশঙ্কায় চট্টগ্রাম নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দিন আগেই গরমের ছুটি পেয়েছে। অবশ্য কলেজগুলোতে শুধু গতকাল বৃহস্পতিবারই বন্ধ ঘোষণা করা হয়।চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, ‘ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আমরা শুধু গতকাল বৃহস্পতিবার দিনই কলেজ বন্ধ ঘোষণা করেছি। এদিন আমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা ছিল। শনিবার থেকে আবার কলেজের নিয়মিত কার্যক্রম চলবে।’সরকারি ও সিটি করপোরেশনের বিভিন্ন বিদ্যালয়ে আগামীকাল শনিবার থেকে গরমের ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কায় গতকাল থেকেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। এসব বিদ্যালয় খুলবে আগামী ৮ জুন। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য বলেন, ‘গতকাল ক্লাস নিয়েই আমরা গরমের ছুটি ঘোষণা করতাম। কিন্তু ঝড়ের কারণে বুধবার এক ঘণ্টা ক্লাস নিয়ে গতকাল থেকে গরমের ছুটির ঘোষণা দিয়েছি।’ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান জানান, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কারণে গতকাল থেকে গরমের ছুটির ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। তা না হলে শনিবার থেকে ছুটি হতো।