মহাসেনের তাণ্ডবে বরগুনায় পাঁচ লাখ মানুষক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে বরগুনা জেলায় পাঁচ লাখ ১৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ১৭ হাজার ৩০০ মানুষ। মহাসেন আঘাত হানার তিন দিন পর গত শনিবার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করেছে জেলা প্রশাসন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মহাসেনের আঘাতে জেলায় ছয় হাজার ৮৫৬টি বসতঘর সম্পূর্ণ ও ৬১ হাজার ৮১২টি বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ও ৩৫৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ক্ষতি হয়েছে ১৪৬ কিলোমিটার। ঘূর্ণিঝড়ে ১৯০ কিলোমিটার কাঁচা সড়ক সম্পূর্ণ ও ৮৮৫ কিলোমিটার আংশিক এবং ১৯৫ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১০৭ কিলোমিটার সম্পূর্ণ এবং ১৭৮ কিলোমিটারে আংশিক ক্ষতি হয়েছে।

এছাড়া ১৩ হাজার ৬২৭টি মাছের ঘের ও পুকুর, ৫১৪টি মাছ ধরা নৌকা ও ট্রলার, ১৯৬টি নলকূপের ক্ষতি হয়েছে। জেলায় ৪৫ হাজার হেক্টর জমির বোরো, আউশ ও রবি ফসল সম্পূর্ণ ও ৩০ হাজার ৪৬৮ একর জমির ফসল আংশিক ক্ষতি হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সীমিত আকারে ত্রাণ বিতরণ করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, মাঠপর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে ক্ষয়ক্ষতির এই তালিকা প্রণয়ন করা হয়েছে।