মহাস্থান সেতু: ১৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে
ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাতুরিয়ায় করতোয়া নদীর ওপর মহাস্থান সেতুটি জরুরি ভিত্তিতে মেরামত করা হবে। এ জন্য আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
আজ শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাস্থান সেতু মেরামতকাজ চলার সময় জরুরি সেবা ও ছোট আকারের যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে মহাস্থানগড় বাজার-শিবগঞ্জ-আমতলী-মোকামতলা সড়কটি ব্যবহারের পরামর্শ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ সময় যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
গতকাল শুক্রবার প্রথম আলোর শেষের পাতায় মহাস্থান সেতু নিয়ে ‘মহাসড়কে সেতুতে ফাটল’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ফাটল দেখা দেওয়ায়, রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের নয়টি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুলিশের তত্ত্বাবধানে ওই সেতু দিয়ে সীমিত কিছু হালকা যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। আর ভারী যানবাহন চলছে মহাস্থান-শিবগঞ্জ-মোকামতলা সড়ক হয়ে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে।
আরও পড়ুন...