মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানী, আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় গতকাল সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখা শহরে আনন্দ শোভাযাত্রা করে। ছবিটি টেম্পল সড়ক থেকে তোলা l প্রথম আলো
মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় গতকাল সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখা শহরে আনন্দ শোভাযাত্রা করে। ছবিটি টেম্পল সড়ক থেকে তোলা l প্রথম আলো

প্রাচীন পুণ্ড্রনগরী মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে আনন্দ মিছিল বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে সাংস্কৃতিক ও নাট্যকর্মীরা ছাড়াও নানা পেশার লোকেরা অংশ নেন।
বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন সন্ধ্যায় মুঠোফোনে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মহাস্থানগড়কে ঘিরে রয়েছে পুণ্ড্রসভ্যতার কয়েক শ বছরের ইতিহাস। সার্কের রাজধানী ঘোষণার ফলে মহাস্থানগড় বিশ্বঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার দ্বার উন্মোচিত হলো। এর ফলে বগুড়ার ইতিহাস-ঐতিহ্য ও আঞ্চলিক লোকঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরা সহজ হবে। বিশ্বের নানা দেশ থেকে পর্যটকদের আনাগোনা বাড়বে। এতে শুধু বগুড়ার সংস্কৃতিই বিকশিত হবে না, হোটেল-মোটেল ব্যবসা, নকশিকাঁথা, হস্তশিল্পের বিকাশ ঘটবে। বগুড়ার ঐতিহ্যবাহী সুস্বাদু দই বিশ্বজুড়ে পরিচিতি পাবে। এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি চাঙা হবে।
সার্ক কালচারাল সিটি ঘোষণায় আবেগ আপ্লুত বগুড়া ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিকুল আলম। তিনি বলেন, ‘আশির দশকে ইয়ুথ কয়্যারের মাধ্যমে বগুড়ার আঞ্চলিক গান দেশজুড়ে জনপ্রিয় করে তুলেছিলাম। এখন সার্কের রাজধানী হওয়ায় বিশ্বজুড়ে বগুড়ার সংস্কৃতি ও কৃষ্টিকালচার তুলে ধরা সহজ হবে।’
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান বলেন, মহাস্থানগড়কে সার্কের রাজধানী ঘোষণা করায় শুধু সাংস্কৃতিক কর্মীরা নয়, বগুড়ার সর্বস্তরের মানুষ আনন্দে উদ্বেলিত। এ জন্য প্রধানমন্ত্রী ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর প্রতি বগুড়াবাসী কৃতজ্ঞ। এর ফলে মহাস্থানকে ঘিরে ঘুমিয়ে থাকা কয়েক শ বছরের সংস্কৃতি ও সভ্যতা বিকশিত হবে। বগুড়ার সংস্কৃতির বিশ্বজুড়ে পরিচিতি ঘটবে।
আমরা কজন শিল্পীগোষ্ঠীর সভাপতি আবদুস সামাদ বলেন, মহাস্থানকে সার্কের রাজধানী ঘোষণায় বগুড়ার সংস্কৃতি প্রাণ ফিরে পেল। এতে স্থানীয় সংস্কৃতিকে বিশ্বজুড়ে তুলে ধরার নতুন দিক উন্মোচিত হলো।
কবি ও লেখক তোফাজ্জল হোসেন বলেন, ইতিহাসের দলিল অনুযায়ী মহাস্থানগড়ে প্রাচীন ১৬টি সভ্যতার বিবর্তন ঘটেছে। ভারতবর্ষের সবচেয়ে পুরোনো এই সভ্যতা এত দিন সুপ্ত ছিল। সাংস্কৃতিক রাজধানী ঘোষণার মাধ্যমে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল এবং পুণ্ড্রনগরের প্রাচীন ইতিহাসের দ্বার উন্মোচিত হলো।
কবি ও সাহিত্যিক বজলুল করিম বাহার বলেন, মহাস্থানগড়ে লুপ্ত সভ্যতা এত দিন ঘুমিয়ে ছিল। সার্ক কালচারাল সিটি ঘোষণায় নতুন সভ্যতা জেগে উঠবে। ভিনদেশের সঙ্গে বগুড়ার সামাজিক-সাংস্কৃতিক ও কৃষ্টিকালচারের বিনিময় ঘটবে।