মহাস্থানগড়ে উপচে পড়া ভিড়, রেকর্ড রাজস্ব আদায়
শহরের বিনোদন পার্ক থেকে নওয়াব প্যালেস, প্রেমযমুনার ঘাট থেকে মহাস্থানগড়, ভাসুবিহার থেকে বেহুলার বাসরঘরখ্যাত গোকুল মেধ—শোলাকিয়া ঈদগাহে হামলার পর সবখানেই ছিল আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা। তবে সব শঙ্কা পেছনে ফেলে ঈদের অনাবিল আনন্দে বগুড়ায় প্রাণোচ্ছ্বাসে মেতে উঠেছিলেন লাখো দর্শনার্থী। ঈদের দিন থেকে গতকাল শনিবার পর্যন্ত এসব পার্ক, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও ঐতিহাসিক স্থানে ছিল নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড়।
মহাস্থানগড় জাদুঘরের কাস্টডিয়ান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদের দিন থেকেই মহাস্থানগড়, গোবিন্দভিটা, গোকুল মেধ ও ভাসুবিহারে দশনার্থীর ঢল নেমেছে। ঈদের দিনে জাদুঘর বন্ধ থাকলেও শনিবার একদিনেই জাদুঘর ও গোকুল মেধ (বেহুলার বাসরঘর) থেকে প্রায় দেড় লাখ টাকার ফি আদায় হয়েছে। একদিনে এত বিপুল পরিমাণ রাজস্ব আয় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
বগুড়া শহরের সাতমাথা চত্বরে অন্য বছরের মতো এবারও বসেছিল ‘ঈদ আনন্দ মেলা’। ঈদের দিন বিকেল থেকে শিশুদের ভিড় ছিল শহরের অ্যাডওয়ার্ড শিশুপার্ক, ওয়ান্ডারল্যান্ড ও নওয়াব প্যালেসে। দর্শনার্থীর ভিড়ে মুখর ছিল মহাস্থানগড়, ভাসুবিহার, বেহুলার বাসরঘর এবং সারিয়াকান্দি উপজেলারযমুনা নদীর কালীতলা গ্রোয়েন ও প্রেমযমুনার ঘাট।
ঈদের দিন বিকেলে মহাস্থানগড়, ভাসুবিহার ও প্রেমযমুনার ঘাটে বেড়াতে আসা রিমন রবিউল বলেন, বর্ষায় সবুজ ঘাসের আচ্ছাদনে অপরূপ সাজে সেজেছে মহাস্থানগড়, ভাসুবিহার ও গোকুল মেধ। আবার বর্ষার পড়ন্ত বিকেলে যমুনার বহমান জলধারা সত্যিই মুগ্ধ করেছে! এখানে না এলে ঈদের আনন্দটা পূর্ণতা পেত না।