মহাস্থানগড়ে দ্বাদশ শতাব্দীর আরেকটি বৌদ্ধমন্দির
প্রাচীন বাংলার রাজধানী বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননে এবার আবিষ্কৃত হয়েছে দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীর আরেকটি বৌদ্ধমন্দির। এ নিয়ে মহাস্থানগড়ে দুটি বৌদ্ধমন্দিরের সন্ধান পাওয়া গেল। প্রত্নতত্ত্ববিদেরা মুখোমুখি দুটি বৌদ্ধমন্দিরের সন্ধান পাওয়ার ঘটনাটি নতুন বলে জানিয়েছেন। তাঁরা ধারণা করছেন, মহাস্থানগড়ে প্রাচীনকালে বৌদ্ধদের অবস্থান সুদৃঢ় ছিল। বাংলাদেশ ও ফ্রান্স সরকারের মধ্যে যৌথ চুক্তির আওতায় প্রাচীন নগর মহাস্থানগড়ে এই প্রত্নতাত্ত্বিক খনন ১৯৯৩ সাল থেকে চলে আসছে। প্রতিবছর জানুয়ারি মাসে এই খননকাজ শুরু করা হয়। এ বছর ২৪ জানুয়ারি থেকে এই খননকাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মহাস্থানগড় জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ নাহিদ সুলতানা জানান, ধারণা করা হচ্ছে, মাটির নিচে চাপা পড়ে থাকা সামনাসামনি দুটি বৌদ্ধমন্দির নির্মিত হয় দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে। দুই বছর আগে এখানে একটি বৌদ্ধমন্দিরের সন্ধান পাওয়া যায়। এবারের খননে তার সন্মুখভাগে আরেকটি বৌদ্ধমন্দিরের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া মন্দিরের সামনে খোলা উঠোন এবং আশপাশে পাওয়া গেছে পর্যবেক্ষণ চৌকি (টাওয়ার)। ধারণা করা হচ্ছে, এখান থেকে বৌদ্ধদের গমনাগমন পর্যবেক্ষণ করা হতো। দুটি মন্দিরের মধ্যে ইট বিছানো রাস্তা ছিল। মন্দিরের দুটি অংশ রয়েছে। প্রথম অংশে সাধারণ পূজারিরা প্রার্থনা করতেন এবং উঠোন পার হয়ে আরেকটি অংশ যেখানে বৌদ্ধভিক্ষুরা প্রার্থনা করতেন বলে অনুমান করা যায়। বৌদ্ধমন্দিরের সন্ধান পাওয়া ছাড়াও এবার খনন শুরু হওয়ার ১০ দিনের মাথায় একটি ফটক আবিষ্কৃত হয়। প্রত্নতত্ত্ববিদেরা ধারণা করছেন, এই ফটকটি নির্মিত হয় দ্বাদশ শতাব্দীর শেষ সময়ে। অর্থাত্ পাল আমলে। এই ফটকের সামনের অংশের মাটি সরানোর পরে বের হয়েছে একটি উঠোন। এই উঠোনের সামনের অংশে গত বছর খননকালে আবিষ্কৃত হয় প্রায় এক হাজার ৩০০ বছরের প্রাচীন একটি বৌদ্ধমন্দিরের ধ্বংসাবশেষ। ওই মন্দিরে আগতরা আবিষ্কৃত উঠানে দাঁড়াত বলে প্রত্নতত্ত্ববিদদের ধারণা। ফটকটি দিয়ে সে সময় বেরিয়ে বিভিন্ন স্থানে যাওয়ার নিদর্শনও পেয়েছেন খননকাজে নিযুক্তরা। মহাস্থানগড়ে প্রতিবছর খননকালে নতুন নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যাচ্ছে।