মহাস্থানগড়ে বছরব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মহাস্থানগড় ঘিরে আগামী বছর বাংলাদেশ হবে ‘উৎসবের দেশ’। ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক সাংস্কৃতিক রাজধানীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। মহাস্থানগড়সহ দেশের সব ঐতিহাসিক স্থানে এক বছর ধরে নানা উৎসবের আয়োজন করা হবে। বিদেশি পর্যটকদের ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে প্রচারণা চালানো হবে।
বগুড়া সার্কিট হাউসে গতকাল শনিবার এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়কে ঘিরে এক বছরের অনুষ্ঠানমালা বিষয়ে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
আসাদুজ্জামান নূর বলেন, সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বগুড়ার মহাস্থানগড় স্বীকৃতি পাওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে সারা বিশ্ব এখন মহাস্থানগড়ের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানবে। একে ঘিরে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার সব প্রচেষ্টা থাকবে। সার্ক সাংস্কৃতিক রাজধানীতে এক বছরে নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার বিষয়ে পেশাজীবীদের কাছে জানতে চান মন্ত্রী।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা এক বছরের অনুষ্ঠান পরিকল্পনা তুলে ধরেন। মহাস্থানগড়কে ঘিরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার লীলাভূমি ভাসুবিহার, বিহার ধাপ, গোকুল মেধসহ বগুড়ার শহীদ টিটু মিলনায়তন, শহীদ খোকন পার্কে সাংস্কৃতিক উৎসব ছাড়াও লোকজ মেলা, পালাগান, লোকজ উৎসব আয়োজন প্রাথমিক প্রস্তাব দেন তিনি। এ ছাড়া তিনি বগুড়া শহর এবং মহাস্থানগড়কে আলোকসজ্জার মাধ্যমে নতুন আঙ্গিকে সাজানোর কথা বলেন।
অনুষ্ঠানে সংস্কৃতিসচিব আকতারী মমতাজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান প্রমুখ বক্তব্য দেন।