মহাস্থানগড়ে ১২০০ বছরের ফটক
প্রাচীন বাংলার রাজধানী বগুড়ার মহাস্থানগড়ে প্রায় এক হাজার ২০০ বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। খননে দ্বাদশ শতাব্দীর শেষ দিকে নির্মিত একটি ফটক-দরজা পাওয়া গেছে। শুধু তাই নয়, এই ফটক দিয়ে ভেতরে ঢোকার সিঁড়ি ও ইট বিছানো পথও রয়েছে। প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করছেন, গত বছর এই মহাস্থানগড় খননে যে বৌদ্ধমন্দিরের সন্ধান পাওয়া গিয়েছিল তার সঙ্গে এর যোগসূত্র রয়েছে। বাংলাদেশ ও ফ্রান্স সরকারের মধ্যে যৌথ চুক্তির আওতায় প্রাচীন নগর মহাস্থানগড়ে এই প্রত্নতাত্ত্বিক খনন শুরু করা হয়েছে। ১৯৯৩ সাল থেকে খননকাজ চলছে। প্রতিবছর জানুয়ারিতে এই খননকাজ শুরু করা হয়। এ বছর ২৪ জানুয়ারি খনন শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মহাস্থান মাজারের দক্ষিণ ধারে গত বছর যে জায়গায় মাটির নিচে মন্দির আবিষ্কৃত হয়েছিল, সেখানেই এবারের খননকাজ শুরু হয়েছে। খননকাজে বাংলাদেশ দলের পক্ষে দলপতি আছেন শাহাজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান নাহিদ সুলতানা ও ফ্রান্স দলের পক্ষে দলনেতা জাঁ ফ্রাঁসোঁয়া সাল। তাঁদের সহযোগিতা করছেন মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান মাহবুবুল আলম, ফরাসি প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ আরনেল বেবলিয়ে, বারবারা ফুটিকন ও ব্রনো হেলা। ২৪ জানুয়ারি এই খনন শুরু হওয়ার ১০ দিনের মাথায় একটি ফটক আবিষ্কৃত হয়। প্রত্নতত্ত্ববিদেরা ধারণা করছেন, এই ফটকটি নির্মিত হয়েছিল দ্বাদশ শতাব্দীর শেষ সময়ে, অর্থাত্ পাল আমলে। ফটকের সামনের অংশের মাটি সরানোর পর বের হয়েছে একটি উঠোন। উঠোনের সামনের অংশে গত বছর খননকালে আবিষ্কৃত হয়েছিল প্রায় এক হাজার ৪০০ বছরের প্রাচীন একটি বৌদ্ধমন্দিরের ধ্বংসাবশেষ। ওই মন্দিরে আগত ব্যক্তিরা এই উঠোনে দাঁড়াত বলে প্রত্নতত্ত্ববিদদের ধারণা। মাহবুবুল আলম বলেন, একটি বড় ফটক আবিষ্কৃত হয়েছে, যা দ্বাদশ শতাব্দীর শেষ দিকের হতে পারে। গত বছর খননকালে যে বৌদ্ধমন্দিরের ধ্বংসাবশেষের নিদর্শন পাওয়া গিয়েছিল তার সঙ্গে এবারের নিদর্শনের মিল রয়েছে। এই ফটকের ভেতর দিয়ে যে যাতায়াত হতো তারও নিদর্শন পাওয়া গেছে। ফটকের সামনে দিয়ে চলাচলের জন্য সিঁড়ি বা ধাপের নিদর্শন রয়েছে। গত বছর খননকালে প্রায় এক হাজার ৪০০ বছরের প্রাচীন বৌদ্ধমন্দিরের ধ্বংসাবশেষ, পোড়া মাটির পাত্র, রৌপ্য মুদ্রাসহ বিভিন্ন প্রত্নসামগ্রী উদ্ধার করা হয়েছে। তিনি জানান, সবে খনন শুরু হয়েছে। আরও কিছু দিন খনন করা হলে বিস্তারিত তথ্য উদ্ঘাটিত হতে পারে। মহাস্থানগড়ে খনন চলবে দেড় মাস। প্রতিদিন ৮০ জন শ্রমিক এই খননকাজ করছে।