মহাস্থানগড়ের প্রত্নসম্পদ রক্ষায় কমিটি করতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় ১০ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ওই কমিটির সদস্যদের নামও উল্লেখ করেছেন।কমিটির অন্য সদস্যরা হলেন—বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কিউরেটর, মাজার কমিটির সভাপতি, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, জাতীয় জাদুঘরের একজন প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন শিক্ষক।জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর হাইকোর্ট বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এরপরও মহাস্থানগড়সংলগ্ন ‘নেতাই ধোপানীর পাট’ কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে—এমন অভিযোগে আদালতে আরেকটি আবেদন করে সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে আদালত আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাসহ পাঁচজনকে হাইকোর্টে তলব করেন।তলব করা ব্যক্তিরা গতকাল হাইকোর্টে হাজির হন। আদালত মহাস্থানগড়ের কিউরেটর, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মাজার কমিটির সভাপতিকে অব্যাহতি দেন। তবে রাস্তা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় আওয়ামী লীগের নেতা খোকন সরকার ও সবুজ সরকারকে পরবর্তী তারিখে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত প্রত্নতাত্ত্বিক ক্ষয়ক্ষতির ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, আর না হলে তা কেন হয়নি, তা ১৫ দিনের মধ্যে বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রতিবেদন আকারে জানাতে বলেছেন।