মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ অবরোধ করে গতকাল বুধবার বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
একই সঙ্গে চালকেরা ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, বিজয়নগর, আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে এসব এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে গতকাল ভোর থেকে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। বেলা দুইটার পর অবরোধ তুলে নেওয়া হয়।
জেলা প্রশাসন ও অটোরিকশাচালকদের সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের নির্দেশে প্রায় এক মাস ধরে ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। গত মঙ্গলবার থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কেও অটোরিকশা চলাচল বন্ধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে নামেন অটোরিকশার চালকেরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি কাউছার আহমেদ বলেন, ‘আঞ্চলিক মহাসড়কে (শহরের কাউলতলী থেকে সরাইল বিশ্বরোড এবং কাউলতলী থেকে কুটি চৌমুহনী পর্যন্ত) সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ দিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীর মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানিয়েছি। আঞ্চলিক মহাসড়কে যেসব অটোরিকশার লাইসেন্স, ফিটনেসসহ যাবতীয় কাগজপত্র রয়েছে সেগুলোকে চলাচলের অনুমতি না দিলে হাজার হাজার শ্রমিক না খেয়ে মরে যাবে।’
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান রাত আটটায় জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ কাজ চালিয়ে যাবে। মহাসড়কের কোনো ধরনের সিএনজিচালিত অটোরিকশা চলার কোনো অনুমতি দেওয়া হবে না।
গতকাল সকাল আটটার দিকে সরেজমিনে দেখা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বাজার এলাকায় অটোরিকশার কয়েক শ চালক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন ভাঙচুর করা হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, বাড়িউড়া ও শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। এসব এলাকায়ও বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাস ভাঙচুরের প্রতিবাদে মহাসড়কে অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ করে দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। কিছুক্ষণের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ও পিকআপভ্যান যাত্রী নিয়ে মহাসড়কে চলতে থাকে। কিন্তু এসব যানে যাত্রী ওঠাতে বাধা দেন অটোরিকশার চালকেরা। তাঁরা বিভিন্ন স্থানে জোর করে পিকআপভ্যান থেকে যাত্রীদের নামিয়ে দেন।