যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতায় চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কুয়াদা এলাকার বজলুর রহমানকে যশোর জেনারেল হাসপাতাল এবং হাসান ও ইসলামকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের সমর্থকেরা রাজারহাট ও কুয়াদা বাজারের অন্তত ১৫টি দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে রামনগর ইউনিয়নে আলমগীর হোসেনকে (আওয়ামী লীগ-সমর্থিত) পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি-সমর্থিত রেজাউল হাসান।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, ফলাফল ঘোষণার পর থেকেই রেজাউল হাসানের সমর্থকদের ওপর হামলা শুরু হয়। গতকাল সকালে যশোর-খুলনা সড়কের রাজারহাট ও যশোর-সাতক্ষীরা সড়কের কুয়াদা বাজারে কেউ দোকান খুলতে পারেননি। রামনগর ও কাজীপুর কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণের দাবিতে দুপুরে আলমগীর হোসেনের সমর্থকেরা রাজারহাট বাজারে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিকেলে বিক্ষোভ সমাবেশ করে। পুলিশ ও প্রসাশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে ছয় ঘণ্টার মধ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। প্রাণের ভয়ে বিজয়ী চেয়ারম্যান রেজাউল হাসান এলাকায় ফিরতে পারছেন না।নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হাসান অভিযোগ করেন, পরাজিত প্রার্থী আলমগীর হোসেন ও তাঁর ভাতিজা যুবলীগের নেতা আলাউদ্দীন মুকুলের নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে। অস্ত্র নিয়ে পাড়ায় পাড়ায় মহড়া দেওয়া হচ্ছে। জীবনের ভয়ে তিনি নিজেও এলাকায় ফিরতে পারছেন না। চাচাসহ তাঁর চারজন সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে।এ ব্যাপারে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের ভাই আনোয়ার হোসেন জানান, দুটি কেন্দ্রে ভোট কারচুপি করে আলমগীরকে হারানো হয়েছে, যার জন্য পুনরায় ভোট গ্রহণের দাবিতে তাঁরা আন্দোলন শুরু করেছেন। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, দুটি কেন্দ্রে নির্বাচনের দাবিতে পরাজিত প্রার্থীর লোকজন আন্দোলন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।