মহাসড়ক অবরোধ, সন্ত্রাসীদের মাইক্রোবাসে আগুন, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে র‌্যাব পরিচয় দিয়ে সন্ত্রাসীরা এক ব্যক্তির দেড় লাখ টাকা ছিনতাই করেছে। পরে ধাওয়া করে জনতা তিন ছিনতাইকারীকে পিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারী গতকাল চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে মারা যায়। তাঁদের মধ্যে একজন মারা যায় বিকেল সাড়ে চারটায়। তাঁর পরিচয় পুলিশ জানাতে পারেনি। আর গতকাল সন্ধ্যা সাতটায় মারা যায় আনোয়ার নামের আরেক ছিনতাইকারী।এ সময় ছিনতাইকারীদের ব্যবহূত মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টার মধ্যে এসব কাণ্ড ঘটে।আটক অন্য সন্ত্রাসী পুলিশ হেফাজতে আছেন। তাঁর নাম আবু আল কায়সার (২৫)। তাঁর বাড়ি ঢাকার বংশাল এলাকায় বলে তিনি দাবি করছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহাম্মদ আলম (৩৩) নামের এক ব্যক্তি সীতাকুণ্ডের ওয়ান ব্যাংকের শাখা থেকে ৫০ হাজার টাকা ওঠান। তাঁর সঙ্গে আরও এক লাখ টাকা ছিল। ব্যাংক থেকে বের হওয়ার পর তিনি রাস্তায় দাঁড়ানো একটি মাইক্রোবাসে ছয় ব্যক্তিকে দেখতে পান। তাঁরা নিজেদের র‌্যাব পরিচয় দেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মাইক্রোবাসে অপেক্ষমাণ একজনের হাতে বেতারযন্ত্র (ওয়্যারলেস সেট) ছিল। সেই লোকটি মোহাম্মদ আলমকে বলেন, ‘আমরা র‌্যাবের লোক। তোমার বিরুদ্ধে হত্যা মামলা আছে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো।’ একপর্যায়ে মোহাম্মদ আলমকে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করা হলে তিনি চিৎকার করে ওঠেন। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে ধাক্কাধাক্কি করে পরাস্ত হন তিনি। গাড়িতে ওঠানোর সময় মোহাম্মদ আলম তাঁর মুঠোফোন সেটটি রাস্তায় ফেলে দেন।অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলমের চিৎকার শুনে আশপাশের লোকজন সাদা মাইক্রোবাসকে ধাওয়া করে। ধাওয়াকারীরা মোটরসাইকেল ব্যবহার করে। মুহূর্তের মধ্যে এই খবর জানাজানি হলে ক্ষুব্ধ জনতা বাড়বকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে সাদা মাইক্রোবাসটি আটকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়ক অবরোধ দেখে চার সন্ত্রাসী গাড়ি থেকে নেমে যায়। ক্ষুব্ধ জনতা সাদা মাইক্রোবাসসহ দুই সন্ত্রাসীকে কুমিরার হাবিব শিপইয়ার্ডের গলির দিকে নিয়ে যায়। সেখানে তাঁদের গণপিটুনি দেওয়া হয়। পালিয়ে যাওয়ার সময় পুলিশও একজনকে আটক করতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, মোহাম্মদ আলমের চিৎকার শুনে এলাকার লোকজন সতর্ক হয়। কয়েকটি মোটরসাইকেলে চড়ে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের বহনকারী মাইক্রোবাস ধাওয়া করে। বাড়বকুণ্ড এলাকায় রাস্তা অবরোধ থাকায় সন্ত্রাসীদের ধরা সহজ হয়। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাকি তিন সন্ত্রাসীকেও গ্রেপ্তারের জন্য অভিযান হবে।