প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকার বিদ্যুৎ গ্রাহকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়কের ওপর এ কর্মসূচি চলে। কর্মসূচি চলার সময় প্রায় দুই কিলোমিটার অংশে যানজট দেখা দেয়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। মানববন্ধন চলার সময় কয়েকজন ব্যবসায়ী বক্তব্য দেন। তাঁরা বলেন, বেশ কিছুদিন ধরে নান্দাইলের সর্বত্র মাত্রাতিরিক্ত লোডশেডিং দেওয়া হচ্ছে। এক সপ্তাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে জানান ব্যবসায়ীরা। মানবাধিকার কমিশন ও সাংবাদিক সংস্থা নামের নান্দাইলের দুটি প্রতিষ্ঠানের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।